আসছে বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে কি বাংলাদেশ থেকে?
২৮ আগস্ট আকাশে ঘটবে বছরের অন্যতম আকর্ষণীয় আংশিক চন্দ্রগ্রহণ।
আগামী ২৮ আগস্ট আকাশে ঘটতে যাচ্ছে চলতি বছরের অন্যতম আকর্ষণীয় মহাজাগতিক ঘটনা। এদিন একটি গভীর আংশিক চন্দ্রগ্রহণ হবে, যেখানে চাঁদের বড় একটি অংশ পৃথিবীর গাঢ় ছায়ার মধ্যে ঢেকে যাবে।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করে এবং পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, তখন চন্দ্রগ্রহণ তৈরি হয়। এবারের গ্রহণে চাঁদের প্রায় ৯৩ থেকে ৯৬ শতাংশ অংশ পৃথিবীর গাঢ় ছায়ায় ঢাকা পড়বে।
যদিও এটি আংশিক চন্দ্রগ্রহণ, তবে চাঁদের বড় অংশ ছায়ায় ঢেকে যাওয়ার কারণে দৃশ্যটি প্রায় পূর্ণ চন্দ্রগ্রহণের মতো মনে হবে। এ সময় চাঁদের পৃষ্ঠে তামাটে বা লালচে আভা দেখা যেতে পারে, যা মহাকাশপ্রেমীদের জন্য তৈরি করবে মনোমুগ্ধকর দৃশ্য।
তবে বাংলাদেশের আকাশপ্রেমীদের জন্য রয়েছে হতাশার খবর। আন্তর্জাতিক সময় অনুযায়ী গ্রহণের চূড়ান্ত পর্যায় যখন ঘটবে, তখন বাংলাদেশে দিনের আলো থাকবে এবং চাঁদ দিগন্তের নিচে অবস্থান করবে। ফলে বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের বেশির ভাগ এলাকা থেকে এই গ্রহণ সরাসরি দেখা যাবে না।
বিজ্ঞানীরা জানিয়েছেন, উত্তর ও দক্ষিণ আমেরিকার বাসিন্দারা এবারের চন্দ্রগ্রহণ সবচেয়ে ভালোভাবে উপভোগ করতে পারবেন। এছাড়া ইউরোপের পশ্চিমাঞ্চল এবং পশ্চিম আফ্রিকার কিছু এলাকা থেকেও গ্রহণের দৃশ্য দেখা যাবে।
আন্তর্জাতিক মান সময় (UTC) অনুযায়ী, ২৮ আগস্ট ভোররাত ১টা ২৪ মিনিটে গ্রহণ শুরু হবে এবং সকাল ৭টা ২ মিনিট পর্যন্ত চলবে। গ্রহণের সর্বোচ্চ পর্যায় দেখা যাবে ভোর ৪টা ১৩ মিনিটে।
বাংলাদেশ থেকে সরাসরি দেখা সম্ভব না হলেও আগ্রহীরা বিভিন্ন আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থা ও জ্যোতির্বিজ্ঞানভিত্তিক ইউটিউব চ্যানেলের লাইভ স্ট্রিমের মাধ্যমে ঘরে বসেই এই বিরল মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে পারবেন।
সূত্র: দ্য হিন্দু
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
