গাবতলীতে খাদ্যবান্ধবের চাল বিতরণে অনিয়ম, বিএনপি নেতা ডিলার গ্রেফতার

প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৯:২৬ পূর্বাহ্ণ
গাবতলীতে খাদ্যবান্ধবের চাল বিতরণে অনিয়ম, বিএনপি নেতা ডিলার গ্রেফতার

খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগে ডিলার আব্দুর রশিদ গ্রেফতার।

বগুড়ার গাবতলীতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণে অনিয়মের অভিযোগে আব্দুর রশিদ (৫৩) নামে এক ডিলারকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার সোনারায় ইউনিয়নের সাবেকপাড়া বাজারের ডিলার পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুর রশিদ সোনারায় ইউনিয়ন বিএনপির নেতা এবং উপজেলার আটবাড়িয়া গ্রামের কছিম উদ্দিনের ছেলে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদের নেতৃত্বে পরিচালিত অভিযানে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের বিষয়টি সামনে আসে। পরে তাকে আটক করে গাবতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

অভিযোগ রয়েছে, ডিলারের চাল বিতরণের মাস্টার রোলে ১৪৯ জন সুবিধাভোগীর কাছ থেকে আগেই টিপসহি নেওয়া হয়েছিল। পরে সুবিধাভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের প্রত্যেকের ৩০ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও তারা চাল পাননি।

প্রশাসনের অভিযোগ, চাল বিতরণ না করেই সুবিধাভোগীদের নামে ভুয়া টিপসহি সংগ্রহ করে ওই চাল অন্যত্র বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল। জিজ্ঞাসাবাদে ডিলার আব্দুর রশিদ বিষয়টি স্বীকার করেছেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

এ ঘটনায় খাদ্য পরিদর্শক মাহমুদা মোস্তাদিয়া বাদী হয়ে গাবতলী থানায় মামলা দায়ের করেন।

গাবতলী উপজেলা ফুড অফিসার হারুনুর রশিদ হারুন বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ না করে ভুয়া তালিকা ও টিপসহি তৈরির অভিযোগে ডিলার আব্দুর রশিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গাবতলী থানার ওসি রাকিব হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page