গাড়ির ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স নবায়নে নতুন সময়সীমা
জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়িয়েছে সরকার।
জরিমানা ছাড়াই মূল কর ও ফি জমা দিয়ে মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত এসব কাগজপত্র নবায়নের সুযোগ পাবেন সংশ্লিষ্টরা।
রোববার (২৩ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, অর্থ বিভাগের ২৩ আগস্টের সম্মতির পরিপ্রেক্ষিতে জরিমানা ছাড়া শুধু মূল কর ও নির্ধারিত ফি জমা দিয়ে সব ধরনের মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা বাড়ানো হয়েছে।
এ সময়সীমা শেষবারের মতো বৃদ্ধি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নতুন সময়সীমা অবিলম্বে কার্যকর হবে।
সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত সময়ের মধ্যে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করলে ভবিষ্যতে জরিমানা ও আইনি জটিলতা এড়ানো সম্ভব হবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
