অতিরিক্ত দামে সার বিক্রি করলে ডিলারশিপ বাতিল: বিএফএ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ণ
অতিরিক্ত দামে সার বিক্রি করলে ডিলারশিপ বাতিল: বিএফএ

সার বিক্রিতে অনিয়ম ঠেকাতে বিএফএর নির্দেশনা

সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলা ইউনিটের ডিলারদের সতর্ক করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)।

শনিবার (২২ আগস্ট) বিএফএর চেয়ারম্যান মো. মোশারফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

বিএফএ জানিয়েছে, ডিলারদের নির্ধারিত সময়ের মধ্যে সারের মূল্য জমা, সার উত্তোলন এবং নিজ নিজ গুদামে পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কৃষকদের কাছে সরকার নির্ধারিত দামে সার বিক্রি করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিলারদের সারের আগমনের তথ্য সংশ্লিষ্ট উপজেলা কৃষি কর্মকর্তাকে জানাতে হবে। পাশাপাশি নিয়ম অনুযায়ী বিক্রয় রেজিস্টার সংরক্ষণ করতে হবে এবং অতিরিক্ত দামে সার বিক্রি হচ্ছে কি না, তা নিয়মিত তদারকি করতে হবে।

সংগঠনটি সতর্ক করে জানিয়েছে, সার বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের নীতিমালা লঙ্ঘন করা হলে ডিলারশিপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।

বিএফএর বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো কুচক্রী মহল অতিরিক্ত দামে সার বিক্রি করে যেন এর দায় ডিলারদের ওপর চাপাতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এ জন্য স্থানীয় কৃষি অফিস ও প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

কৃষকদের জন্য সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বিএফএ।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page