৫ ফুট ওপর থেকে পড়লেও ভাঙবে না, ধুলাও জমবে না এই স্মার্টফোনে

প্রযুক্তি বিষয়ক প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ণ
৫ ফুট ওপর থেকে পড়লেও ভাঙবে না, ধুলাও জমবে না এই স্মার্টফোনে

ড্রপ রেজিস্ট্যান্স ও এআই ফিচারসহ ইনফিনিক্সের নতুন স্মার্টফোন।

অসতর্কতায় হাত থেকে পড়ে গিয়ে স্মার্টফোনের পর্দা বা বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা খুবই সাধারণ। ব্যবহারকারীদের এ সমস্যা মাথায় রেখে শক্তিশালী সুরক্ষা সুবিধার নতুন স্মার্টফোন বাজারে এনেছে ইনফিনিক্স বাংলাদেশ। ‘হট ৭০ প্রো ফাইভজি’ মডেলের এ ফোনে রয়েছে আইপি৬৮ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স এবং এসজিএস ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স সুবিধা।

ইনফিনিক্স বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফোনটি প্রায় ৫ ফুট উচ্চতা থেকে পড়ে গেলেও ক্ষতির ঝুঁকি কম থাকবে। পাশাপাশি পানিতে নষ্ট হওয়া ও ধুলা জমার বিরুদ্ধেও সুরক্ষা দেবে ফোনটির বিশেষ প্রযুক্তি।

নতুন এ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসর। ৬ দশমিক ৭৬ ইঞ্চি পর্দার ফোনটিতে রয়েছে ৮ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ। এর ফলে একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার এবং উচ্চমানের গেম খেলার অভিজ্ঞতা পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ফোনটির অন্যতম আকর্ষণীয় দিক হলো ১৪৪ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে। উচ্চ রিফ্রেশ রেটের কারণে দ্রুতগতির গেম ও ভিডিও দেখার সময় ব্যবহারকারীরা আরও মসৃণ অভিজ্ঞতা পাবেন।

এ ছাড়া ফোনটিতে রয়েছে ‘বাইপাস চার্জিং’ প্রযুক্তি। দীর্ঘ সময় গেম খেলা বা একসঙ্গে একাধিক কাজ করার সময় ফোন অতিরিক্ত গরম হওয়ার ঝুঁকি কমাতে এ প্রযুক্তি কাজ করবে বলে জানিয়েছে ইনফিনিক্স।

ছবি তোলার জন্য ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ সেন্সরের অটোফোকাস ক্যামেরা। সামনে দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। কম আলোতেও ভালো ছবি তোলার জন্য রয়েছে লাইভ ফটো ফিচার।

এআই প্রযুক্তির বিভিন্ন সুবিধাও যুক্ত করা হয়েছে ইনফিনিক্স হট ৭০ প্রো ফাইভজিতে। এর মধ্যে রয়েছে এআই স্ক্যান টু সলভ, ফোলাক্স মিউজিক রিকগনিশন, এআই লাইফ অ্যাসিস্ট্যান্ট এবং এআই থিম জেনারেটর।

ইনফিনিক্স জানিয়েছে, নতুন এ স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার ৯৯৯ টাকা।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page