বিয়ের অপেক্ষায় রোনালদো ভক্তরা, শেষে ঘটল অবাক করা কাণ্ড
রোনালদো-জর্জিইনার বিয়ের গুঞ্জনে ফুঞ্চলে ভিড় করেন ভক্তরা।
ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী জর্জিইনা রদ্রিগেজের বিয়ের খবর ঘিরে পর্তুগালের ফুঞ্চল শহরে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের ভিত্তিতে হাজারো ভক্ত জড়ো হয়েছিলেন ঐতিহাসিক ফুঞ্চল ক্যাথেড্রালের আশপাশে।
গুঞ্জন ছিল, শনিবার ওই ক্যাথেড্রালেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন রোনালদো ও জর্জিইনা। তবে শেষ পর্যন্ত অপেক্ষারত ভক্তদের সামনে হাজির হন অন্য এক দম্পতি। ফলে পুরো ঘটনাটি পরিণত হয় মজার এক ঘটনায়।
স্থানীয় সংবাদমাধ্যম ‘জর্নাল দা মাদেইরা’ এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করলে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে আল-নাসরের তারকা রোনালদো সেই পোস্টে হাসির ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান। তাঁর এই প্রতিক্রিয়ায় বিয়ের গুঞ্জন নিয়ে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটে।
২০১৬ সালে প্রথমবার দেখা হওয়ার পর থেকে রোনালদো ও জর্জিইনা দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন। গত বছর তাদের আংটি বদলের খবরও প্রকাশ্যে আসে। এরপর থেকেই তাদের বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ বাড়তে থাকে।
তবে রোনালদোর বোন এলমা আভেইরো এই গুঞ্জন নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, রোনালদো নিজের বিয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয় গোপনে করবেন—এমনটা বিশ্বাস করা কঠিন।
এর আগে রোনালদো জানিয়েছিলেন, বিয়ের আয়োজন খুব বেশি জাঁকজমকপূর্ণ নাও হতে পারে। জর্জিইনা ঘরোয়া ও কাছের মানুষদের নিয়ে অনুষ্ঠান করতে পছন্দ করেন বলেও জানিয়েছিলেন তিনি। সেই বক্তব্যের পর থেকেই গোপন বিয়ের আলোচনা শুরু হয়।
এদিকে ফুঞ্চলে কালো কাচের ২৫টি ট্যাক্সি বুকিংয়ের খবর ছড়িয়ে পড়ার পর নতুন করে বিয়ের গুঞ্জন তৈরি হয়েছে। অনেকে ধারণা করছেন, আগামী সপ্তাহান্তে হয়তো বিয়ের অনুষ্ঠান হতে পারে।
তবে রোনালদো ও জর্জিইনার পক্ষ থেকে এখনো বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে ভক্তদের অপেক্ষা থাকছেই—কবে সত্যিই বরের সাজে দেখা যাবে ফুটবল কিংবদন্তি রোনালদোকে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
