খাগড়াছড়িতে মারমা ছাত্র ঐক্য পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত
খাগড়াছড়ির আপার পেরাছড়ায় বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত বর্ধিত সভার একাংশ
সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ, খাগড়াছড়ি জেলা কমিটির উদ্যোগে একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত খাগড়াছড়ি সদর উপজেলার আপার পেরাছড়ায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সিনিয়র সভাপতি বাবু সুদাঅং মারমা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির প্রধান উঃ ম্রসাথোয়াই মারমা। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক কংজপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা, স্থায়ী কমিটির সদস্য বংশি মারমাসহ বিভিন্ন পর্যায়ের প্রায় ৫০ থেকে ৬০ জন সদস্য।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং নিয়মিত কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। এ সময় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, নেতৃত্ব বিকাশ, সদস্যদের মধ্যে ঐক্য সুদৃঢ়করণ এবং মারমা ছাত্রসমাজের শিক্ষা, সংস্কৃতি ও অধিকার সংরক্ষণে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে সম্প্রসারণ, নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক উদ্যোগ বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয় এবং উপস্থিত সদস্যরা বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
