মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে সদস্য হলেন এমপি ফজলুর রহমান

প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ২:০৪ অপরাহ্ণ
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে সদস্য হলেন এমপি ফজলুর রহমান

নির্বাহী কমিটিতে সদস্য হলেন এমপি ফজলুর রহমান।

১৩১

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। ট্রাস্টের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে নতুন করে নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ১৩ ধারার ক্ষমতাবলে পুনর্গঠিত নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটি ট্রাস্টের প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুনর্গঠিত নির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। কমিটির সদস্য হিসেবে রয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

এ ছাড়া অর্থ বিভাগের সচিব, শিল্প সচিব এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদাধিকারবলে নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সদস্য-সচিব হিসেবে কমিটির প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, পুনর্গঠিত নির্বাহী কমিটি ট্রাস্টের আইন, বিধিমালা ও ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করবে। এর মধ্যে ট্রাস্টের সার্বিক প্রশাসনিক তদারকি, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, মুক্তিযোদ্ধা কল্যাণে গৃহীত কর্মসূচির অগ্রগতি মূল্যায়ন, ট্রাস্টের অধীন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণ, বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং আর্থিক হিসাব ও নিরীক্ষাসহ সংশ্লিষ্ট দায়িত্ব পালন অন্তর্ভুক্ত রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নির্বাহী কমিটির মাধ্যমে ট্রাস্টের প্রশাসনিক কার্যক্রম আরও সমন্বিত ও গতিশীল হবে। একই সঙ্গে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের কল্যাণে গৃহীত বিভিন্ন কর্মসূচির বাস্তবায়নে জবাবদিহিতা ও কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সামাজিক ও অর্থনৈতিক কল্যাণে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। ট্রাস্টের আওতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের কল্যাণে নেওয়া কর্মসূচির বাস্তবায়ন ও তদারকির দায়িত্বও পালন করা হয়। নতুন নির্বাহী কমিটি এসব কার্যক্রম আরও দক্ষ ও ফলপ্রসূভাবে পরিচালনায় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page