খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ, জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন এক নেতা।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাইয়ের গণহত্যাকারীদের দ্রুত বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভা।
শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় খাগড়াছড়ি সদরের বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয় সংলগ্ন এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা আমির সৈয়দ আব্দুল মোমেন। আরও বক্তব্য দেন খাগড়াছড়ি সদর উপজেলা আমির সিরাজুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খাগড়াছড়ি জেলা সভাপতি আব্দুল মান্নান, জেলা সেক্রেটারি ওলিউর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খাগড়াছড়ি জেলা সভাপতি আব্দুস সাত্তার এবং খাগড়াছড়ি পৌর জামায়াতের আমির মুহাম্মদ ইলিয়াস হোসেন।
বক্তারা জুলাইয়ের গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার কার্যকর করার দাবি জানান। তারা সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি করেন। পাশাপাশি বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডেরও সমালোচনা করেন।
সমাবেশে খাগড়াছড়ি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং খাগড়াছড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ অংশ নেন। সকাল থেকেই মিছিল নিয়ে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন।
এ সময় তাদের হাতে বিভিন্ন দাবিসংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়। বক্তাদের বক্তব্যের সঙ্গে সংহতি জানিয়ে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
