হবিগঞ্জে হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে এনসিপির বিক্ষোভ, দোষীদের শাস্তির দাবি
হবিগঞ্জে হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এনসিপি জেলা শাখা।
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মী, সংবাদকর্মী ও পরিবহন শ্রমিকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটির জেলা শাখা। এ সময় বক্তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বুধবার (২৯ জুলাই) বিকেলে খাগড়াছড়ি শহরের মহাজনপাড়ায় অবস্থিত এনসিপির জেলা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলের সূচনা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর ও ভাঙাব্রিজ-চেঙ্গী স্কয়ার এলাকা ঘুরে পুনরায় জেলা কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপি খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ নূর আলম। এতে বক্তব্য দেন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক চাইথোয়াই মারমা, সদস্য সচিব সুবোধ চাকমা, সাংগঠনিক সম্পাদক এস. এম. শাহ নেওয়াজসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
বক্তারা বলেন, রাজনৈতিক মতপ্রকাশ ও শান্তিপূর্ণ কর্মসূচি পালন গণতান্ত্রিক অধিকারের অংশ। হবিগঞ্জে নেতাকর্মী, সংবাদকর্মী এবং পরিবহন শ্রমিকদের ওপর হামলার ঘটনা শুধু নিন্দনীয়ই নয়, এটি গণতান্ত্রিক পরিবেশের জন্যও উদ্বেগজনক। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার ও আইনানুগ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
নেতারা আরও বলেন, রাজনৈতিক সহিংসতা ও ভয়ভীতির সংস্কৃতি বন্ধ করতে প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। দেশের প্রতিটি রাজনৈতিক দল যেন নির্বিঘ্নে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে পারে, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানান তারা।
প্রতিবাদ সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন বক্তারা।
