যশোরে বাড়ছে ছিনতাই-চুরি, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ
যশোরে বাড়ছে ছিনতাই-চুরি, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ

অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চান নাগরিকরা

যশোর শহর ও আশপাশের এলাকায় দিন-রাত বাড়ছে ছিনতাই, চুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ড। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, প্রয়োজনীয় কাজে বাইরে বের হলেও অনেক সময় নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে তাদের।

স্থানীয়দের দাবি, বিশেষ করে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন সড়ক, পার্ক ও নির্জন এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে। পথচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ীরাও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

নাগরিকদের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিয়মিত অভিযান চালিয়ে অপরাধীদের আটক করা হলেও অপরাধ নিয়ন্ত্রণে স্থায়ী সুফল পাওয়া যাচ্ছে না। অনেক ক্ষেত্রে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জামিনে বের হয়ে আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের কেউ কেউ বলছেন, অপরাধীদের গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বা রিলস প্রকাশের চেয়ে অপরাধ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া বেশি জরুরি। তাদের মতে, শুধু গ্রেপ্তার নয়, দ্রুত বিচার নিশ্চিত করা এবং অপরাধীদের পুনরায় অপরাধে জড়ানোর পথ বন্ধ করতে হবে।

শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, সড়ক ও ঝুঁকিপূর্ণ স্থানে নিয়মিত পুলিশ টহল বাড়ানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার আওতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

নাগরিকদের মতে, নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। যশোরকে নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে দৃশ্যমান ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ চান তারা।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন