ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই
লুলাকে নিয়ে মন্তব্যের পর রাষ্ট্রদূত প্রত্যাহার ব্রাজিলের
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের মন্তব্যের জেরে দেশটি থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে কটূক্তি করে মন্তব্য করার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
রোববার (২৭ জুলাই) ব্রাজিলের সাও পাওলো শহরে যুক্তরাষ্ট্রপন্থি প্রেসিডেন্ট প্রার্থী ফ্লাভিও বলসোনারোর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন হাভিয়ের মিলেই। সেখানে তিনি ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে সরাসরি নাম উল্লেখ না করলেও ‘চোর’ ও ‘সাজাপ্রাপ্ত আসামি’ বলে মন্তব্য করেন।
মিলেইয়ের এমন বক্তব্যকে ব্রাজিল সরকার, জনগণ ও গণতন্ত্রের প্রতি অবমাননা হিসেবে দেখছে দেশটির সরকার। এর প্রতিবাদ হিসেবে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেস থেকে নিজেদের রাষ্ট্রদূত হুলিও বিতেলিকে দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা এক অনুষ্ঠানে বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। তিনি জানান, বাইরের কোনো চাপ ছাড়াই ব্রাজিল তার নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হবে।
ব্রাজিলের রাষ্ট্রদূত হুলিও বিতেলির সোমবারের মধ্যে দেশে ফেরার কথা রয়েছে।
এর আগে লুলা দা সিলভা দুর্নীতি, ঘুষ ও কেলেঙ্কারির মামলায় ২০১৮ সালে ১২ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। তবে ১৮ মাসের বেশি সময় কারাভোগের পর তিনি মুক্তি পান। পরে ২০২১ সালে দেশটির সুপ্রিম কোর্ট তার সাজা বাতিল করে দেয়।
এরপর ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তৎকালীন ডানপন্থি প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে পরাজিত করে ৫০ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় আসেন লুলা দা সিলভা।
আর্জেন্টিনা ও ব্রাজিল লাতিন আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ দুই দেশ হলেও সাম্প্রতিক সময়ে দুই দেশের নেতাদের রাজনৈতিক অবস্থান ও বক্তব্যকে ঘিরে সম্পর্কের মধ্যে টানাপোড়েন দেখা যাচ্ছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
