আজ থেকে শুরু চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা
দীর্ঘ বিরতির পর পুনরায় শুরু হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা।
দীর্ঘদিন স্থগিত থাকার পর আজ সোমবার (২৭ জুলাই) থেকে পুনরায় শুরু হচ্ছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রায় তিন সপ্তাহ পর পরীক্ষার হলে ফিরছেন এ বোর্ডের প্রায় এক লাখ পরীক্ষার্থী।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড প্রকাশিত সংশোধিত রুটিন অনুযায়ী, আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হচ্ছে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র পরীক্ষা। এছাড়া বিকেলে অনুষ্ঠিত হবে খাদ্য ও পুষ্টি প্রথম পত্র পরীক্ষা।
এদিকে, দেশের অন্য নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় আজ ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র (তত্ত্বীয়) এবং তাজভিদ দ্বিতীয় পত্র (মুজাব্বিদ মাহির বিভাগ) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থীরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-১ বিষয়ের পরীক্ষায় অংশ নিচ্ছেন।
চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষা পুনরায় শুরু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরেছে। শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার এবং প্রবেশপত্রসহ প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
