বন্যাদুর্গত খাগড়াছড়িতে ক্ষুদ্র ঋণের কিস্তি তিন মাস বন্ধ রাখার সিদ্ধান্ত।
বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির ক্ষুদ্র ঋণগ্রহীতাদের জন্য তিন মাস কিস্তি আদায় স্থগিত রাখার ঘোষণা।
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির ক্ষুদ্র ঋণগ্রহীতাদের স্বস্তি দিতে আগামী তিন মাস ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বুধবার (২২ জুলাই) বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা এ সিদ্ধান্তের কথা জানান।
এ সময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ উপস্থিত ছিলেন।
এর আগে জেলার বিভিন্ন ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনাকারী এনজিওগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে মানবিক দৃষ্টিকোণ থেকে তিন মাস কিস্তি আদায় বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, বন্যার কারণে জেলার অনেক পরিবার ঘরবাড়ি, কৃষিজমি, ব্যবসা ও জীবিকার উৎস হারিয়ে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। এমন অবস্থায় ঋণের কিস্তির চাপ তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিতে পারে। তাই ক্ষতিগ্রস্ত মানুষকে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ করে দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জেলার সব এনজিওকে বন্যাকবলিত মানুষের পাশে থেকে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, কেউ যদি এই সিদ্ধান্ত উপেক্ষা করে জোরপূর্বক কিস্তি আদায়ের চেষ্টা করে, তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
