ঢাকার ৫০ মোড়ে বসছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল, যানজট কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ
ঢাকার গুরুত্বপূর্ণ মোড়ে অটোমেটিক ট্রাফিক লাইট স্থাপনের উদ্যোগ।
রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা কমাতে এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে প্রযুক্তিনির্ভর ও আধুনিক করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে রাজধানীর আরও অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ সড়ক মোড়ে দ্রুততম সময়ের মধ্যে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৯ জুলাই) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার (১৮ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করার সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেন।
বৈঠকে রাজধানীর যানজট, বায়ুদূষণ এবং সড়ক ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, দ্রুত বর্ধনশীল নগরীর জন্য আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা এখন সময়ের দাবি। তাই প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে যান চলাচল আরও সুশৃঙ্খল করতে হবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, নতুন করে যেসব মোড়ে অটোমেটিক ট্রাফিক লাইট স্থাপন করা হবে, সেগুলোতে যানবাহনের চাপ অনুযায়ী সিগন্যাল নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা হবে। এর ফলে অপ্রয়োজনীয় যানজট কমবে, সড়কে অপেক্ষার সময় হ্রাস পাবে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় আরও কার্যকারিতা আসবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে রাজধানীতে যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহারের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। শব্দদূষণ কমাতে বিদ্যমান আইন কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে আরও সক্রিয় ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়েও আলোচনা হয়। বর্তমানে ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ক্যামেরার মতো, ভবিষ্যতে হর্ন নিয়ন্ত্রণ ও শব্দদূষণ পর্যবেক্ষণেও কীভাবে এআইভিত্তিক প্রযুক্তি কাজে লাগানো যায়, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তারা মতবিনিময় করেন। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ বাস্তবায়ন হলে সড়কে অপ্রয়োজনীয় হর্ন বাজানো শনাক্ত ও নিয়ন্ত্রণ করা আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।
রাজধানীর পরিবেশ রক্ষায় ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং অতিরিক্ত ধোঁয়া নির্গমনকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহনের বিরুদ্ধেও কঠোর অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে এসব যানবাহন দ্রুত সড়ক থেকে অপসারণের জন্য কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
সংশ্লিষ্টদের মতে, ঢাকার যানজট ও পরিবেশ দূষণের অন্যতম কারণ হলো অনিয়ন্ত্রিত যান চলাচল, অপর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থাপনা এবং অযোগ্য যানবাহনের উপস্থিতি। তাই আধুনিক ট্রাফিক সিগন্যাল, এআই প্রযুক্তির ব্যবহার এবং আইন প্রয়োগ একসঙ্গে কার্যকর হলে রাজধানীর সড়ক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
উচ্চপর্যায়ের ওই বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: বিএনপির মিডিয়া সেল
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
