আগামী ২৪-৪৮ ঘণ্টায় ১০ জেলায় বন্যার শঙ্কা, সতর্কবার্তা পানি উন্নয়ন বোর্ডের

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ
আগামী ২৪-৪৮ ঘণ্টায় ১০ জেলায় বন্যার শঙ্কা, সতর্কবার্তা পানি উন্নয়ন বোর্ডের

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের ১০ জেলায় বন্যার ঝুঁকির সতর্কবার্তা দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের ১০ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে উত্তরাঞ্চলের কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২০ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী দুই দিনের মধ্যে তিস্তা, ধরলা, সুরমা-কুশিয়ারা, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী, ভুগাই ও কংস নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর প্রভাবে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় বন্যার ঝুঁকি তৈরি হতে পারে।

এ ছাড়া একই সময়ে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নওগাঁ ও নাটোর জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা তথ্যকেন্দ্র।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গের উজান এলাকাতেও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে সীমান্তবর্তী নদীগুলোর পানি দ্রুত বাড়তে পারে।

বন্যা তথ্যকেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের সাঙ্গু নদীর পানি বেড়েছে। অন্যদিকে হালদা নদীর পানি কিছুটা কমেছে এবং মাতামুহুরী নদীর পানি স্থিতিশীল রয়েছে।

তবে সংশ্লিষ্ট সংস্থা জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় এসব নদীর পানিও বাড়তে পারে এবং পরবর্তী দুই দিনে পানি বৃদ্ধির প্রবণতা আরও তীব্র হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে। বিশেষ করে নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন