এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন, অভিযোগ আর্থিক লেনদেন
যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আর্থিক কার্যক্রম নিয়ে তদন্ত শুরু করেছে এফবিআই।
বিশ্বকাপ চলাকালেই নতুন বিতর্কে জড়িয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। যুক্তরাষ্ট্রে সংস্থাটির আর্থিক লেনদেন ও বিভিন্ন কার্যক্রম নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। তদন্তের অংশ হিসেবে ইতোমধ্যে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন।
প্রতিবেদন অনুযায়ী, মার্কিন তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এএফএ কীভাবে যুক্তরাষ্ট্রে নিজেদের কার্যক্রম পরিচালনা করেছে এবং মার্কিন আর্থিক ব্যবস্থার মাধ্যমে হওয়া কোটি কোটি ডলারের লেনদেনে কোনো আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে কি না।
তদন্তের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, যুক্তরাষ্ট্রের আইনের আওতায় কোনো আর্থিক অনিয়ম বা অপরাধ সংঘটিত হয়েছে কি না, সেটিই যাচাই করছেন এফবিআই ও ফেডারেল প্রসিকিউটররা।
তদন্তের অংশ হিসেবে ব্যবসায়ী গিয়ের্মো তোফোনিকে প্রায় তিন ঘণ্টা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এতে ওয়াশিংটন ডিসি ও মায়ামির ফেডারেল প্রসিকিউটর এবং এফবিআই কর্মকর্তারা অংশ নেন।
এদিকে তদন্তের পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই প্রশাসনের সাবেক কয়েকজন কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদের তালিকায় রাখা হতে পারে। বিশেষ করে এএফএর সাম্প্রতিক কার্যক্রম তদারকির সঙ্গে যুক্ত ছিলেন বা সংস্থার গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে অবগত ব্যক্তিদের সাক্ষ্য নেওয়ার প্রস্তুতি চলছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই তদন্ত হঠাৎ শুরু হয়নি। বরং ২০২৫ সাল থেকেই এ বিষয়ে প্রাথমিক অনুসন্ধান ও তথ্য সংগ্রহের কাজ চলছিল। সেই ধারাবাহিকতায় বর্তমানে আনুষ্ঠানিক তদন্ত এগিয়ে নিচ্ছে মার্কিন কর্তৃপক্ষ।
তবে তদন্ত নিয়ে এখন পর্যন্ত এএফএ বা ক্লদিও তাপিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য প্রকাশ করা হয়নি।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
