চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত, যেসব জেলার পরীক্ষা হচ্ছে না
বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার আজ বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম বোর্ডের অধীন মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের নির্ধারিত পরীক্ষাগুলোও স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যেসব জেলার পরীক্ষা স্থগিত
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলার পরীক্ষার্থীরা এ সিদ্ধান্তের আওতায় থাকবেন। জেলাগুলো হলো—
চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান
যেসব পরীক্ষা স্থগিত
বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থগিত করা হয়েছে—
এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা ইন কমার্স
চট্টগ্রাম বোর্ডের বাইরে দেশের অন্যান্য শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলার জেলা প্রশাসকদের (ডিসি) প্রতিবেদন এবং চলমান বন্যা পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে পরীক্ষা শুরুর আগের দিন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা বিবেচনায় রেখে প্রতিটি বিষয়ের জন্য তিন সেট করে প্রশ্নপত্র প্রস্তুত রাখা হয়েছে।
উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়েছে। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
