কম দামে নতুন এআই স্মার্ট চশমা আনছে মেটা, দাম শুরু ২৯৯ ডলার

reporter
বাণিজ্য প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৮:৪৫ পূর্বাহ্ণ
কম দামে নতুন এআই স্মার্ট চশমা আনছে মেটা, দাম শুরু ২৯৯ ডলার

কম দামে নতুন এআই স্মার্ট চশমা আনছে মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর পরিধানযোগ্য ডিভাইসের বাজার আরও বড় করতে তুলনামূলক কম দামের নতুন স্মার্ট চশমা আনার ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের মূল প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন চশমাগুলোর দাম শুরু হবে ২৯৯ মার্কিন ডলার থেকে, যা তাদের বর্তমান স্মার্ট চশমার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

বিখ্যাত চশমা নির্মাতা প্রতিষ্ঠান এসিলরলাক্সোটিকা-র সঙ্গে যৌথভাবে তৈরি করা হয়েছে নতুন এআই স্মার্ট চশমাগুলো। তবে এবার আগের মতো রে-ব্যান বা ওকলের ব্র্যান্ডিং ব্যবহার করা হবে না। মেটা নিজস্ব ব্র্যান্ডেই নতুন পণ্য বাজারজাত করবে।

মেটার দেওয়া তথ্য অনুযায়ী, নতুন স্মার্ট চশমায় ছবি তোলা, ভিডিও ধারণ, গান শোনা এবং ফোনকল করার সুবিধা থাকবে। পাশাপাশি এতে যুক্ত থাকবে সমন্বিত এআই অ্যাসিস্ট্যান্ট, যার মাধ্যমে ব্যবহারকারীরা ভয়েস কমান্ড দিয়ে বিভিন্ন তথ্য জানতে পারবেন।

সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলোর একটি হলো লাইভ অনুবাদ। মেটার নিজস্ব এআই প্রযুক্তির সাহায্যে চশমাটি ১৪টি ভাষায় তাৎক্ষণিক অনুবাদ করতে পারবে। ফলে বিদেশ ভ্রমণের সময় স্থানীয় ভাষায় কথোপকথন বুঝতে এবং আশপাশের পরিবেশ সম্পর্কে দ্রুত তথ্য সংগ্রহ করা সহজ হবে।

বর্তমানে মেটার রে-ব্যান স্মার্ট গ্লাসের দাম শুরু হয় ৩৭৯ ডলার থেকে। অন্যদিকে ওকলের স্মার্ট চশমা বিক্রি হচ্ছে ৩৯৯ ডলার থেকে এবং উন্নত প্রযুক্তির মেটা রে-ব্যান ডিসপ্লে গ্লাসের মূল্য প্রায় ৮০০ ডলার। সেই তুলনায় নতুন ২৯৯ ডলারের মডেলটি আরও বেশি ব্যবহারকারীর নাগালের মধ্যে চলে আসবে বলে ধারণা করা হচ্ছে।

মেটার পরিধানযোগ্য প্রযুক্তি বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স হিমেল বলেন, অপেক্ষাকৃত কম দামের একটি স্মার্ট চশমা বাজারে আনার প্রয়োজনীয়তা তারা অনুভব করছিলেন। নির্দিষ্ট বাজেটের মধ্যে ব্যবহারকারীদের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করাই ছিল নতুন পণ্য তৈরির মূল লক্ষ্য।

বিশ্বজুড়ে স্মার্ট চশমার বাজারে বর্তমানে মেটার অবস্থান সবচেয়ে শক্তিশালী হলেও প্রতিযোগিতা দ্রুত বাড়ছে। সম্প্রতি স্ন্যাপচ্যাটের মূল প্রতিষ্ঠান স্ন্যাপ নতুন প্রজন্মের স্পেকস স্মার্ট চশমা আনার ঘোষণা দিয়েছে। ফলে এআইনির্ভর পরিধানযোগ্য ডিভাইসের বাজারে আগামী দিনগুলোতে প্রতিযোগিতা আরও তীব্র হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

সূত্র: টেকএক্সপ্লোর, মেটা

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন