আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা, যা ইসলামে ভিত্তিহীন
আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা
আশুরা মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি দিন। মহররম মাসের ১০ তারিখকে কেন্দ্র করে ইতিহাস, ইবাদত ও শিক্ষার নানা দিক থাকলেও সমাজে এ দিন নিয়ে অনেক ভিত্তিহীন গল্প ও জাল বর্ণনা প্রচলিত রয়েছে। ইসলামি গবেষক ও মুহাদ্দিসরা দীর্ঘদিন ধরে এসব বর্ণনার অসারতা তুলে ধরেছেন। তাই আশুরা সম্পর্কে সঠিক ধারণা রাখা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি।
১. আশুরার দিনেই কেয়ামত সংঘটিত হবে
অনেকের বিশ্বাস, মহররমের ১০ তারিখ বা আশুরার দিনেই কেয়ামত হবে। তবে কোরআন ও সহিহ হাদিসে এ দাবির কোনো ভিত্তি নেই।
২. পৃথিবীতে প্রথম বৃষ্টি হয়েছিল এই দিনে
আশুরার দিনে পৃথিবীতে প্রথম বৃষ্টিপাত হয়েছিল বলে প্রচলিত থাকলেও এর পক্ষে কোনো সহিহ দলিল পাওয়া যায় না। ইসলামি গবেষকরা এটিকে ভিত্তিহীন বর্ণনা হিসেবে উল্লেখ করেছেন।
৩. হজরত ইবরাহিম (আ.) আগুন থেকে মুক্তি পেয়েছিলেন আশুরার দিনে
নমরুদের আগুন থেকে হজরত ইবরাহিম (আ.)-এর মুক্তি পাওয়া সত্য ঘটনা হলেও তা আশুরার দিনে ঘটেছিল—এমন কোনো সহিহ প্রমাণ নেই।
৪. হজরত ইউনুস (আ.) মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন আশুরার দিনে
লোকমুখে এ কথা প্রচলিত থাকলেও সহিহ হাদিসে এই ঘটনার সঙ্গে আশুরার কোনো সম্পর্ক উল্লেখ করা হয়নি।
৫. বহু নবীর জীবনের অলৌকিক ঘটনা আশুরার দিনেই ঘটেছে
হজরত সুলাইমান (আ.), দাউদ (আ.), ঈসা (আ.) ও ইউসুফ (আ.)-এর জীবনের বিভিন্ন ঘটনা আশুরার দিনে ঘটেছিল বলে যে বর্ণনাগুলো প্রচলিত, সেগুলোর অধিকাংশকেই ইসলামি পণ্ডিতরা জাল বা ভিত্তিহীন বলেছেন।
সহিহ হাদিস অনুযায়ী আশুরার প্রকৃত তাৎপর্য হলো, এই দিনে আল্লাহ তাআলা হজরত মুসা (আ.) ও তাঁর অনুসারীদের ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউনকে তার বাহিনীসহ সাগরে ডুবিয়ে ধ্বংস করেছিলেন। এ ঘটনার শুকরিয়া হিসেবে মুসা (আ.) রোজা রাখতেন। পরে রাসুলুল্লাহ (সা.) আশুরার রোজা পালনের নির্দেশ দেন এবং ইহুদিদের সঙ্গে সাদৃশ্য এড়াতে ৯ ও ১০ মহররম অথবা ১০ ও ১১ মহররম রোজা রাখার উৎসাহ দেন।
ইসলামে জাল হাদিস ও ভিত্তিহীন বর্ণনা প্রচার করা গুরুতর অপরাধ। তাই আশুরা সম্পর্কে প্রচলিত গল্পের পরিবর্তে কোরআন ও সহিহ হাদিসে বর্ণিত তথ্য অনুসরণ করাই একজন মুসলমানের করণীয়।
তথ্যসূত্র: কালবেলা
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

আপনার মতামত লিখুন
Array