ঋণ নিয়ে পুরো গ্রাম আর্জেন্টিনার রঙে সাজালেন সুমন মেসি

SSIT BARI DESK
প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ
ঋণ নিয়ে পুরো গ্রাম আর্জেন্টিনার রঙে সাজালেন সুমন মেসি

ঋণ নিয়ে পুরো গ্রাম আর্জেন্টিনার রঙে সাজালেন সুমন মেসি

বিশ্বকাপ ফুটবল এলেই বাংলাদেশজুড়ে দেখা যায় সমর্থকদের উন্মাদনা। প্রিয় দলকে ঘিরে পতাকা টানানো, জার্সি পরা কিংবা বাড়িঘর সাজানো নতুন কিছু নয়। তবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের এক আর্জেন্টিনা সমর্থক এবার নিজের ভালোবাসাকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। প্রিয় দলকে সমর্থন জানাতে ঋণ নিয়ে পুরো গ্রাম আর্জেন্টিনার রঙে সাজিয়ে আলোচনায় এসেছেন তিনি।

স্থানীয়ভাবে ‘সুমন মেসি’ নামে পরিচিত সুমন গৌড় পেশায় একজন ভ্যানচালক। ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামের সরকারি আশ্রয়ণ প্রকল্পে পরিবারের সঙ্গে বসবাস করেন তিনি। সীমিত আয়ের মধ্যেও বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসা প্রকাশে কোনো কার্পণ্য করেননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি স্ত্রীর নামে গ্রামীণ ব্যাংক থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন সুমন। সেই অর্থ দিয়েই তিনি শুরু করেন আর্জেন্টিনা প্রচারণা। নিজের বসতঘর, উপার্জনের একমাত্র মাধ্যম ভ্যানগাড়ি এবং গ্রামের বিভিন্ন স্থানকে আর্জেন্টিনার আকাশি-সাদা রঙে সাজিয়ে তোলেন।

শুধু তাই নয়, গ্রামজুড়ে টানিয়েছেন বড় আকারের ১৬টি আর্জেন্টিনার পতাকা। নিজের জন্য কিনেছেন আর্জেন্টিনার জার্সি, টুপি এবং দলটির রঙের পোশাকও। ফলে পুরো এলাকায় এখন বিশ্বকাপের আবহ তৈরি হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, সুমনের এই উন্মাদনা নতুন নয়। বিশ্বকাপ এলেই আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে ঘিরে তার ব্যতিক্রমী কর্মকাণ্ড দেখা যায়। বছরের পর বছর ধরে এমন আবেগ দেখাতে দেখাতেই তিনি এলাকায় ‘সুমন মেসি’ নামে পরিচিত হয়ে উঠেছেন।

সুমন বলেন, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার সমর্থক। বিশেষ করে লিওনেল মেসির খেলা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করে। নিজের সামর্থ্যের মধ্যে থেকে প্রিয় দলকে সমর্থন জানানোই তার উদ্দেশ্য।

তবে পরিবারের সদস্যরা বিষয়টিকে সবসময় ইতিবাচকভাবে দেখেন না। সংসারের সীমিত আয়ের মধ্যে ঋণ নিয়ে এমন আয়োজন করায় উদ্বেগ রয়েছে তাদের মধ্যে। সুমনের স্ত্রী আরতি গৌড় জানান, বিয়ের পর থেকেই তিনি স্বামীর এই ফুটবলপ্রীতি দেখে আসছেন। অর্থনৈতিক চাপ থাকলেও বিশ্বকাপ এলেই সুমন যেন অন্য মানুষ হয়ে যান।

এদিকে স্থানীয়রাও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই সুমনের ফুটবলপ্রেমের প্রশংসা করলেও ঋণ করে এমন আয়োজন না করার পরামর্শ দিয়েছেন। তবে সমর্থকদের মতে, ফুটবলের প্রতি এমন আবেগ ও ভালোবাসা খুব কম মানুষের মধ্যেই দেখা যায়।

বিশ্বকাপকে কেন্দ্র করে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনায় এসেছে সুমনের গল্প। অনেকেই তার এই ব্যতিক্রমী সমর্থনকে ফুটবলের প্রতি নিখাদ ভালোবাসার উদাহরণ হিসেবে দেখছেন।

সব আলোচনা-সমালোচনার মাঝেও সুমনের স্বপ্ন একটাই—একদিন সরাসরি দেখা হবে তার প্রিয় ফুটবলার লিওনেল মেসির সঙ্গে। আর ততদিন আর্জেন্টিনার পতাকার রঙেই রাঙিয়ে রাখতে চান নিজের স্বপ্ন আর ভালোবাসার পৃথিবী।

তথ্যসূত্র: আরটিভি

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন