তথ্যপ্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণদের জন্য আবারও বড় সুযোগ নিয়ে এসেছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াকফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ)। প্রতিষ্ঠানটি তাদের আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৭৩তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করেছে। এই কর্মসূচির আওতায় নির্বাচিত প্রার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে আইটি প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। শুধু প্রশিক্ষণই নয়, কোর্স সফলভাবে সম্পন্ন করার পর চাকরির সুযোগও তৈরি করে দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন-ডিপ্লোমা কোর্স ৪ থেকে ৩ বছর করার চিন্তা, দ্রুত বাস্তবায়নে জোর
বর্তমানে দেশে তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনবলের চাহিদা দ্রুত বাড়ছে। সফটওয়্যার ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং, ক্লাউড কম্পিউটিং, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট এবং ডিজিটাল কনটেন্ট তৈরির মতো খাতে দক্ষ কর্মীর প্রয়োজন রয়েছে। এই বাস্তবতা বিবেচনায় রেখেই দীর্ঘদিন ধরে আইএসডিবি-বিআইএসইডব্লিউ বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, প্রায় ১৯ বছর ধরে পরিচালিত এই আইটি স্কলারশিপ কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত ১৭ হাজারের বেশি আইটি পেশাজীবী তৈরি হয়েছে। বর্তমানে তারা দেশ-বিদেশের ৩ হাজারেরও বেশি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। আইএসডিবি-বিআইএসইডব্লিউর দাবি, প্রশিক্ষণ সম্পন্ন করা প্রায় ৯২ শতাংশ শিক্ষার্থী বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।
এই স্কলারশিপের অন্যতম আকর্ষণ হলো প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। সাধারণভাবে এসব কোর্সের বাজারমূল্য প্রায় ২ লাখ টাকার কাছাকাছি হলেও নির্বাচিত শিক্ষার্থীদের কোনো প্রশিক্ষণ ফি দিতে হয় না। পাশাপাশি কোর্স শেষ করার পর প্রতিষ্ঠানটির ‘প্লেসমেন্ট সেল’-এর মাধ্যমে চাকরির সুযোগ খুঁজে পেতেও সহায়তা করা হয়।
আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। এছাড়া পূর্বে আইএসডিবি-বিআইএসইডব্লিউর কোনো রাউন্ডে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নতুন করে আবেদন করতে পারবেন না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য পরিচালিত কোর্সগুলো শুধুমাত্র ঢাকায় অনুষ্ঠিত হবে।
স্নাতক, ফাজিল, মাস্টার্স বা কামিল পাস প্রার্থীরা বিভিন্ন আইটি কোর্সে আবেদন করতে পারবেন। এর মধ্যে রয়েছে ওয়েব ও মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, লারাভেল ও রিঅ্যাক্টভিত্তিক ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ক্রস-প্ল্যাটফর্ম অ্যাপ ডেভেলপমেন্ট, ওরাকল ডেটাবেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, নেটওয়ার্ক সলিউশন অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন এবং গ্রাফিক্স, অ্যানিমেশন ও ভিডিও এডিটিং।
অন্যদিকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস শিক্ষার্থীদের জন্যও বেশ কয়েকটি কোর্স রয়েছে। এর মধ্যে আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, ক্লাউড কম্পিউটিং, থ্রি-ডি ভিজুয়ালাইজেশন এবং মোশন গ্রাফিক্সের মতো কর্মমুখী বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, বর্তমানে শুধু সনদ অর্জন করলেই চাকরি পাওয়া সহজ নয়। চাকরির বাজারে টিকে থাকতে হলে বাস্তবভিত্তিক দক্ষতা অর্জন জরুরি। তাই যারা তথ্যপ্রযুক্তি খাতে নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এই স্কলারশিপ একটি কার্যকর সুযোগ হতে পারে।
আগ্রহী প্রার্থীরা আইএসডিবি-বিআইএসইডব্লিউর নির্ধারিত-https://apply.isdb-bisew.info/অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং কোর্সের বিস্তারিত তথ্য ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। কারণ প্রতিবছর বিপুলসংখ্যক আবেদন জমা পড়ায় নির্বাচনের ক্ষেত্রে প্রতিযোগিতাও বেশ বেশি হয়ে থাকে।
দেশে এবং আন্তর্জাতিক চাকরির বাজারে তথ্যপ্রযুক্তি দক্ষতার চাহিদা বাড়তে থাকায় এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের কর্মসংস্থানের নতুন পথ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: আরটিভি নিউজ।
আরও পড়ুন-বাংলাদেশে এআইয়ের উত্থান, নতুন সুযোগ নাকি চাকরির সংকট
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!










