ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ না হলে ১৫ জুন ধর্মঘটের হুঁশিয়ারি

স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোকে প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণের দাবিতে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা। দাবি পূরণে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ না থাকলে ১৫ জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘটসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি।

আরও পড়ুন- শিক্ষা উন্নয়নে বাংলাদেশ-মিশর একসঙ্গে কাজ করবে, লন্ডনে বৈঠক

সংগঠনের নেতারা বলেন, দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো। তাদের দাবি, ১৯৯৪ সালে তৎকালীন সরকার প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার জন্য ভাতা চালু করলেও প্রায় ১৮ হাজার মাদরাসার মধ্যে মাত্র ১ হাজার ৫১৯টি প্রতিষ্ঠান সেই সুবিধার আওতায় আসে। বাকি প্রতিষ্ঠানগুলো অনুদানবিহীন অবস্থায় পড়ে থাকে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ১৯৮৪ সালে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে নিবন্ধন পাওয়ার পর থেকে এসব মাদরাসায় কোরআন-সুন্নাহ ও আরবি শিক্ষার পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সমাজবিজ্ঞান পড়ানো হচ্ছে।

তারা জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নেয় এবং পঞ্চম শ্রেণি শেষে দাখিল মাদরাসায় ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। তারপরও প্রতিষ্ঠানগুলো এখনো এমপিও বা জাতীয়করণের বাইরে রয়েছে।

শিক্ষক নেতাদের অভিযোগ, ২০১৩ সালে প্রায় ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও একটি ইবতেদায়ি মাদরাসাও সেই সুযোগ পায়নি। এটিকে তারা বড় ধরনের বৈষম্য হিসেবে উল্লেখ করেন।

আন্দোলনকারীরা আরও জানান, গত বছরের অক্টোবর-নভেম্বরে জাতীয়করণের দাবিতে আন্দোলন চালানো হয়। পরে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি বলে দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা বলেন, দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ সময় বক্তব্য দেন মো. সামছুল আলম, মোহাম্মদ আল-আমিন, এস এম জয়নাল আবেদীন জিহাদী, নুরুন্নবী আলী, মো. তাজুল ইসলাম ফরাজী ও আহমেদ হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতারা।

সূত্র: স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোটের সংবাদ সম্মেলন

আরও পড়ুন-অবৈতনিক শিক্ষায় দক্ষিণ এশিয়ায় সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

শিক্ষা ও চাকরি বিষয়ক প্রতিবেদক

আমি শিক্ষা, চাকরি, ক্যারিয়ার ও সমসাময়িক উন্নয়নমূলক বিষয় নিয়ে নিয়মিত প্রতিবেদন লিখি। তথ্যভিত্তিক ও পাঠকবান্ধব কনটেন্ট তৈরির মাধ্যমে শিক্ষার্থী, চাকরিপ্রার্থী এবং সচেতন পাঠকদের কাছে নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। শিক্ষা নীতি, ভর্তি, পরীক্ষা, ফলাফল, নিয়োগ বিজ্ঞপ্তি, সরকারি-বেসরকারি চাকরির আপডেট ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সংবাদ বিশ্লেষণধর্মীভাবে উপস্থাপন করতে আগ্রহী। সহজ ভাষা, নির্ভুল তথ্য এবং দায়িত্বশীল সাংবাদিকতাকে আমি সবসময় গুরুত্ব দিই। বর্তমান প্রজন্মের জন্য কার্যকর ও সময়োপযোগী তথ্য পৌঁছে দিতে আমি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now