দেশের গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্রগুলোতে যাত্রীসেবা আরও সহজ করতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। দেশের সাতটি বিমানবন্দর ও ছয়টি রেলওয়ে স্টেশনে বিনামূল্যে ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে যাত্রীরা এখন বিমানবন্দর ও স্টেশনে অবস্থানকালে সহজেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুনঃ- চলন্ত ট্রেনে স্টারলিংকের ফ্রি ওয়াইফাই চালু
রোববার (১৭ মে) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। আধুনিক, দ্রুত ও নির্ভরযোগ্য ডিজিটাল সেবা জনগণের কাছে পৌঁছে দিতে বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে এই ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, এটি কেবল প্রযুক্তিগত সুবিধা নয়, বরং জনগণের জন্য সরকারের সেবামূলক উদ্যোগের অংশ। দেশি-বিদেশি যাত্রীদের যোগাযোগ আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী জনগণকে দ্রুত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্রগুলোতে উন্নত ইন্টারনেট সুবিধা সম্প্রসারণ করা হচ্ছে। বিশেষ করে প্রবাসী যাত্রীদের সুবিধা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ জানান, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ মোট আটটি বিমানবন্দর এবং ছয়টি রেলস্টেশনে একযোগে এই সেবা চালু হয়েছে। বিমানবন্দরের পার্কিং এলাকা থেকে বোর্ডিং ব্রিজ পর্যন্ত প্রায় ২৫০টি অ্যাক্সেস পয়েন্ট স্থাপন করা হয়েছে, যাতে যাত্রীরা নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ পান।
তিনি বলেন, পরীক্ষামূলকভাবে সেবা চালুর পর গত কয়েক দিনেই শুধু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০ হাজারের বেশি যাত্রী এই ফ্রি ওয়াইফাই ব্যবহার করেছেন। সেখানে প্রায় ২ দশমিক ৩ টেরাবাইট ডেটা ব্যবহৃত হয়েছে এবং বর্তমানে একসঙ্গে প্রায় ১ হাজার ৮০০ ব্যবহারকারী সংযুক্ত রয়েছেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে দেশের আরও বিমানবন্দর, রেলস্টেশন এবং গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্রগুলোতেও এই সেবা সম্প্রসারণ করা হবে।
বর্তমানে যেসব বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই চালু হয়েছে সেগুলো হলো— হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ মখদুম বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, বরিশাল বিমানবন্দর ও যশোর বিমানবন্দর।
অন্যদিকে যেসব রেলস্টেশনে এই সুবিধা পাওয়া যাবে সেগুলো হলো— কমলাপুর রেলওয়ে স্টেশন, কক্সবাজার রেলওয়ে স্টেশন, রাজশাহী রেলওয়ে স্টেশন, সিলেট রেলওয়ে স্টেশন, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এবং ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ফ্রি ওয়াইফাই সেবা চালুর ফলে যাত্রীরা জরুরি যোগাযোগ, অনলাইন টিকিট, ই-মেইল, ভিডিও কলসহ বিভিন্ন ডিজিটাল সেবা সহজেই ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে দেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে।
সূত্রঃ বাসস।
আরও পড়ুনঃ- বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াইফাই চালু ,৬০ কার্যদিবসের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য







