২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১৮৭

স্বাস্থ্য প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১৮৭

দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু না হলেও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৮৭ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে এবং আরও ৯৫০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

শুক্রবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত হাম পরিস্থিতি বিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে ৮১০ জনে পৌঁছেছে।

একই প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ১৮৭ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ৯৫০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে, যাদের পর্যবেক্ষণ ও চিকিৎসা চলছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে হাম দ্রুত ছড়াতে পারে। তাই নির্ধারিত সময়ে হাম-রুবেলা (এমআর) টিকা নিশ্চিত করা, জ্বর ও শরীরে লালচে র‍্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং আক্রান্ত ব্যক্তিকে অন্যদের থেকে আলাদা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরও অভিভাবকদের প্রতি শিশুদের টিকাদান সম্পন্ন করার পাশাপাশি হামের উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার আহ্বান জানিয়েছে। বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে দ্রুত চিকিৎসা নিশ্চিত করা জরুরি বলে জানিয়েছে সংস্থাটি।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page