উইন্ডোজ ১১ ব্যবহারকারীদের জন্য বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে মাইক্রোসফট। স্টার্ট মেনুর আকার ছোট-বড় করা থেকে শুরু করে টাস্কবার স্ক্রিনের যেকোনো পাশে নেওয়ার সুবিধাসহ বেশ কিছু নতুন ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। মূলত ব্যবহারকারীদের আরও ব্যক্তিগত ও সহজ অভিজ্ঞতা দিতে এসব পরিবর্তন আনা হচ্ছে।
আরও পড়ুনঃ- অ্যান্ড্রয়েডেই আসছে ডেস্কটপ কম্পিউটারের নতুন যুগ?
প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফট তাদের ‘উইন্ডোজ ইনসাইডার’ প্রোগ্রামের পরীক্ষামূলক সংস্করণে নতুন এই ফিচারগুলো যুক্ত করছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এক্সপেরিমেন্টাল চ্যানেলের ইনসাইডার ব্যবহারকারীরা এসব সুবিধা ব্যবহার করতে পারবেন।
নতুন আপডেটের সবচেয়ে আলোচিত পরিবর্তনগুলোর একটি হলো স্টার্ট মেনুর আকার নিয়ন্ত্রণ। উইন্ডোজ ১১ চালুর পর থেকেই অনেক ব্যবহারকারী অভিযোগ করে আসছিলেন, স্টার্ট মেনু আকারে অনেক বড় এবং তুলনামূলকভাবে ঘিঞ্জি। এবার সেই সমস্যার সমাধানে ‘স্মল’ ও ‘লার্জ’ নামে দুটি আলাদা সাইজ অপশন আনছে মাইক্রোসফট।
ব্যবহারকারীরা স্টার্ট মেনুর সেটিংসে গিয়ে নিজের পছন্দ অনুযায়ী মেনুর আকার নির্ধারণ করতে পারবেন। একবার সেট করার পর এটি সব ডিসপ্লেতেই একইভাবে কাজ করবে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বিশেষ করে ছোট স্ক্রিনের ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য এই ফিচার বেশ উপকারী হতে পারে।
এর আগে প্রযুক্তিবিষয়ক সাইট উইন্ডোজ লেটেস্ট এক প্রতিবেদনে জানিয়েছিল, গত বছরের নভেম্বরে এক আপডেটের পর উইন্ডোজ ১১-এর স্টার্ট মেনুর আকার প্রায় দ্বিগুণ হয়ে যায়। তখন ব্যবহারকারীদের ব্যাপক সমালোচনার মুখে পড়ে মাইক্রোসফট। পরে প্রতিষ্ঠানটি জানায়, তারা ব্যবহারকারীদের মতামত গুরুত্ব দিয়ে বিষয়টি নিয়ে কাজ করছে।
নতুন আপডেটে স্টার্ট মেনুর বিভিন্ন অংশ আলাদাভাবে চালু বা বন্ধ করার সুবিধাও যুক্ত হচ্ছে। ব্যবহারকারীরা চাইলে ‘পিনড’, ‘রেকমেন্ডেশন’ কিংবা ‘অল’ সেকশন আলাদাভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। ফলে অপ্রয়োজনীয় অংশ লুকিয়ে রেখে স্টার্ট মেনুকে আরও পরিচ্ছন্ন ও সহজভাবে ব্যবহার করা যাবে।
উদাহরণ হিসেবে বলা যায়, কেউ যদি ‘রেকমেন্ডেশন’ ও ‘অল’ সেকশন বন্ধ করে দেন, তাহলে স্টার্ট মেনুতে শুধু নিজের পিন করে রাখা অ্যাপগুলোই দেখা যাবে। অনেক ব্যবহারকারী দীর্ঘদিন ধরেই আরও মিনিমাল ডিজাইনের স্টার্ট মেনু চাইছিলেন। নতুন এই ফিচার সেই চাহিদা পূরণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া ফাইল রেকমেন্ডেশন নিয়ন্ত্রণের জন্যও আলাদা অপশন যোগ করছে মাইক্রোসফট। এর মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে শুধু স্টার্ট মেনু থেকেই ফাইল রেকমেন্ডেশন বন্ধ রাখতে পারবেন, অন্য সেটিংসে পরিবর্তন না করেই।
প্রাইভেসির বিষয়টিও গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। নতুন আপডেটে স্ক্রিন শেয়ারিং বা লাইভ স্ট্রিমিংয়ের সময় স্টার্ট মেনু থেকে নিজের নাম ও প্রোফাইল ছবি লুকিয়ে রাখার সুবিধা যোগ করা হচ্ছে। ফলে ব্যক্তিগত তথ্য আরও সুরক্ষিত থাকবে।
সবচেয়ে বড় পরিবর্তনের একটি আসছে টাস্কবারে। মাইক্রোসফট এবার ব্যবহারকারীদের টাস্কবার স্ক্রিনের উপরে, নিচে, ডানে কিংবা বামে নেওয়ার সুযোগ দিচ্ছে। এর ফলে ব্যবহারকারীরা নিজের সুবিধামতো ডেস্কটপ সাজাতে পারবেন।
শুধু তাই নয়, টাস্কবার ডানে বা বামে রাখলে আইকনগুলো উপরে থাকবে নাকি মাঝখানে থাকবে সেটিও নির্ধারণ করা যাবে। আবার উপরে বা নিচে থাকলে আইকন বামে বা মাঝখানে রাখার অপশনও মিলবে।
মাইক্রোসফট জানিয়েছে, এসব ফিচার আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামে নিবন্ধিত ব্যবহারকারীরা সবার আগে নতুন সংস্করণগুলো ব্যবহার করতে পারবেন এবং নিজেদের মতামত দিয়ে ফিচার উন্নয়নে সহায়তা করতে পারবেন।
সূত্রঃ- এনগ্যাজেট ও উইন্ডোজ লেটেস্ট।
আরও পড়ুনঃ- স্মার্টফোন ছাড়িয়ে এবার কম্পিউটার ও ল্যাপটপে আসছে অ্যান্ড্রয়েড









