বৃষ্টির প্রভাবে সবজির বাজারে আগুন, কাঁচা মরিচের দাম ২০০ টাকা কেজি
বৃষ্টি ও সরবরাহ সংকটে রাজধানীর বাজারে বেড়েছে বিভিন্ন সবজির দাম।
টানা বৃষ্টি ও সরবরাহ সংকটের কারণে রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে সবজির দাম। কয়েক দিনের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। কোনো কোনো সবজির দাম বেড়েছে আরও বেশি। বর্তমানে বাজারে অল্প কয়েকটি সবজি ছাড়া প্রায় সব ধরনের সবজিই কেজিপ্রতি ১০০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলের সবজির খেতে পানি জমেছে। এতে অনেক সবজি নষ্ট হয়ে গেছে। পাশাপাশি পরিবহন ব্যবস্থায়ও কিছুটা সমস্যা তৈরি হওয়ায় বাজারে সবজির সরবরাহ কমেছে। সরবরাহ কমে যাওয়ার সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দাম নিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।
বাজার ঘুরে দেখা গেছে, কয়েক দিন আগেও ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হওয়া হাইব্রিড শসা এখন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৬০ টাকা কেজি দরে। দেশি শসার দাম আরও বেশি, প্রতি কেজি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত।
বেগুন ও করলার দামও বেড়েছে। আগে ৮০ টাকা কেজি দরে বিক্রি হওয়া এসব সবজি এখন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। ফুলকপি ও বরবটির দামও একই পর্যায়ে রয়েছে। এ ছাড়া ঢ্যাঁড়স, ঝিঙে ও চিচিঙ্গার মতো সবজি, যা গত সপ্তাহে ৬০ থেকে ৮০ টাকা কেজি ছিল, এখন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা দরে।
লাউয়ের দামও বেড়েছে। বর্তমানে একটি লাউ কিনতে ক্রেতাদের ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে। কয়েক দিন আগেও এর দাম ছিল প্রায় ৬০ টাকা।
এদিকে সবজির বাজারে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে কাঁচা মরিচ। কয়েক দিন আগে প্রতি কেজি ১২০ টাকা দরে বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন সাধারণ মানের ১৬০ থেকে ১৮০ টাকা এবং ভালো মানের মরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তবে সব সবজির দাম বাড়েনি। বাজারে পেঁপে ও টমেটোর ক্ষেত্রে কিছুটা স্বস্তি দেখা গেছে। সরবরাহ বাড়ায় ২৪০ টাকা কেজি দরের টমেটো এখন নেমে এসেছে ১৫০ টাকায়। অন্যদিকে পেঁপের দাম কমে ৩০ টাকা থেকে ২০ টাকা কেজিতে এসেছে। পেঁয়াজ ৪০ টাকা এবং আলু ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মোহাম্মদপুর টাউন হল বাজারের সবজি বিক্রেতা আল নাহিয়ান খান বলেন, বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমেছে। আগে যেখানে প্রতিদিন প্রায় ১০০ কেজি সবজি আসত, এখন সেখানে ৬০ কেজির মতো আসছে। কিন্তু ক্রেতার চাহিদা আগের মতোই রয়েছে। ফলে পাইকারি বাজারে বেশি দামে কিনতে হচ্ছে।
তিনি জানান, নতুন করে চাষ করা সবজি বাজারে না আসা পর্যন্ত দাম কমার সম্ভাবনা কম। আগামী ১০ থেকে ১৫ দিন বাজারে এই বাড়তি দামের প্রভাব থাকতে পারে।
হজক্যাম্প বাজারের সবজি বিক্রেতা আবদুল মান্নান জানান, নরসিংদীসহ যেসব এলাকা থেকে রাজধানীর বাজারে বেশি সবজি আসে, সেসব অঞ্চলে বৃষ্টির কারণে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে।
এদিকে সবজির দাম বৃদ্ধিতে অসন্তোষ জানিয়েছেন সাধারণ ক্রেতারা। রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা হুমায়রা হোসেন বলেন, বৃষ্টির কারণে দাম কিছুটা বাড়তে পারে, তবে বর্তমান মূল্যবৃদ্ধি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। বিশেষ করে কাঁচা মরিচের দাম সাধারণ মানুষের জন্য চাপ তৈরি করেছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
