‘১৬ বছরে সংসদের আশপাশে গিয়েছিল?’ জামায়াতকে প্রশ্ন রাশেদ খানের
সংসদ ভবন ঘেরাও নিয়ে জামায়াতকে প্রশ্ন রাশেদ খানের
আওয়ামী লীগ সরকারের সময় জামায়াত কখনো সংসদ ভবনের আশপাশে গিয়েছিল কি না—এমন প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান।
রোববার (৩০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।
পোস্টে রাশেদ খান লেখেন, সংসদ অধিবেশন চলার সময় বিক্ষোভ মিছিল নিয়ে সংসদ ভবন ঘেরাও করা হয়েছে এবং পরবর্তী সময়ে ভেতরে প্রবেশের মতো পরিস্থিতি তৈরির হুমকি দেওয়া হয়েছে।
তিনি আরও লেখেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় জামায়াতের কোনো নেতা সংসদের ভেতরে প্রবেশ করেছিলেন কি না এবং গত ১৬ বছরে দলটির কোনো নেতা সংসদ ভবনের আশপাশে গিয়েছিলেন কি না—এ বিষয়ে প্রশ্ন রয়েছে।
রাশেদ খান তার পোস্টে দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে পুলিশ বাধা দিচ্ছে না বলেই কিছু রাজনৈতিক দল কর্মসূচি পালনের সুযোগ নিচ্ছে। তবে শুধু পুলিশি নিরাপত্তার মধ্যে থেকে লংমার্চ বা সংসদ-সচিবালয় ঘেরাও করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, যারা বিরোধী দল পরিচালনা করতে পারে না, তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। তবে তারা রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে বলে মন্তব্য করেন রাশেদ খান।
তার এই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
