বাংলাদেশে দেখা যেতে পারে এমবাপ্পেকে, কবে, কখন আসতে পারে জানা গেলো
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সমাপনীতে এমবাপ্পেকে আনার পরিকল্পনা
বাংলাদেশে বিশ্বকাপজয়ী ফুটবলারদের আগমন নতুন নয়। এর আগে ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদান, ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা, জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী মেসুত ওজিলসহ বিশ্ব ফুটবলের একাধিক তারকা বাংলাদেশ সফর করেছেন। এবার সেই তালিকায় যোগ হতে পারেন ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে।
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতাকে সামনে রেখে এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার। সবকিছু ঠিক থাকলে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডকে ঢাকায় দেখা যেতে পারে।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির সভা শেষে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, সারা দেশে ফুটবল নিয়ে নতুন জোয়ার সৃষ্টি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় এই আয়োজন করছে। প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সমাপনী অনুষ্ঠানে ফ্রান্সের আন্তর্জাতিক তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার চেষ্টা চলছে।
মীর শাহে আলম বলেন, নিয়মিত খেলাধুলার মাধ্যমে মাঠ থেকেই প্রতিভাবান ফুটবলার তৈরি হবে। এ জন্য দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল দল গঠন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি জানান, কোনো কারিগরি কলেজ, মাদ্রাসা, উচ্চবিদ্যালয় বা সাধারণ কলেজ দল গঠনে ব্যর্থ হলে তাদের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে। এমনকি এমপিও স্থগিতের বিষয়টিও বিবেচনায় রয়েছে। শিক্ষার্থী সংখ্যা কম হলেও বিকল্প ব্যবস্থায় দল গঠন করতে হবে বলেও জানান তিনি।
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে। এই টুর্নামেন্টের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন ফুটবল প্রতিভা উঠে আসবে বলে আশা করছেন আয়োজকেরা।
এর আগে বাংলাদেশে বিশ্বকাপ ট্রফি নিয়ে এসেছিলেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার ক্রিস্টিয়ান কারেম্বু। এছাড়া আর্জেন্টিনা জাতীয় দল ঢাকায় এসে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচও খেলেছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
