মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ
মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

নওগাঁর মান্দায় জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় তিনটি বিলে মাছ আহরণ কার্যক্রম শুরু হয়েছে।

নওগাঁর মান্দায় ‘জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় তিনটি বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার বিল মান্দা, বিল উৎরাইল ও বিল চককসবা বিলে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে প্রকল্প পরিচালক শামসুল করিম সহ সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় মৎস্যজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আতিয়া খাতুন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় মৎস্যজীবীদের সম্পৃক্ত করে বিলগুলোর টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে প্রকল্পটির আওতায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ‘জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা’ প্রকল্পটির বাস্তবায়নকাল জুলাই ২০২৫ থেকে জুন ২০২৯ পর্যন্ত। প্রকল্পের আওতায় নওগাঁর মান্দা ও সাপাহারসহ রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি উপজেলার বিলসমূহে মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকল্পের আওতায় বিলের পানির প্রবাহ ও ধারণক্ষমতা বৃদ্ধি, মাছের আবাসস্থল উন্নয়ন, অভয়াশ্রম ব্যবস্থাপনা, পোনা অবমুক্তকরণ এবং স্থানীয় সুফলভোগীদের প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের কথা রয়েছে। পাশাপাশি স্থানীয় মৎস্যজীবীদের সম্পৃক্ত করে বিলের মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সম্প্রতি মান্দায় প্রকল্পের বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায়ও মৎস্যসম্পদ বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ, পোনা মাছ রক্ষা এবং স্থানীয় জেলে ও মৎস্যজীবীদের আর্থ-সামাজিক উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page