জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খাগড়াছড়িতে জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

reporter
শওকত হোসেন হৃদয়
প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খাগড়াছড়িতে জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

খাগড়াছড়িতে জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে বুধবার (৫ আগস্ট) বিকেলে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিকেল ৫টায় খাগড়াছড়ি মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক গণসমাবেশ। মিছিলে বিভিন্ন রাজনৈতিক ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাদের হাতে বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড দেখা যায় এবং তারা নানা স্লোগানের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেন।

সমাবেশে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনের সাবেক এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলা আমির সৈয়দ আব্দুল মোমেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খাগড়াছড়ি জেলা সভাপতি আব্দুস সাত্তারসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খাগড়াছড়ি জেলা সভাপতি আব্দুস সাত্তার। তিনি তার বক্তব্যে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী কর্মকাণ্ড ও হামলার তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে তিনি শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সমাবেশে বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। তারা বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি এনসিপির ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।

বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে গণঅভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়ন করতে হলে প্রয়োজনীয় সংস্কার ও গণমুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তারা রাজনৈতিক সহিংসতা পরিহার করে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন।

সমাবেশ শেষে নেতারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন। আয়োজকদের দাবি, বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন এবং পুরো কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page