চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০ হারানো মোবাইল
চাঁপাইনবাবগঞ্জে ৩০ হারানো মোবাইল উদ্ধার
প্রযুক্তিনির্ভর অনুসন্ধান ও পেশাদারিত্বের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জে হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ। উদ্ধার করা এসব মোবাইল ফোন যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
বুধবার (৭ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্ধার করা মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষের মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় ভুক্তভোগীরা সংশ্লিষ্ট থানায় অভিযোগ বা সাধারণ ডায়েরি করার পর পুলিশ হারানো মোবাইল উদ্ধারে প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করে। ধারাবাহিক এ কার্যক্রমের অংশ হিসেবে জেলার বিভিন্ন থানার পুলিশ সদস্যরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলোর অবস্থান শনাক্ত ও উদ্ধারে কাজ করেন।
এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা থেকে ১৫টি, শিবগঞ্জ থানা থেকে ৬টি, গোমস্তাপুর থানা থেকে ২টি এবং নাচোল থানা থেকে ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সব মিলিয়ে জেলার চারটি থানা থেকে মোট ৩০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশের এই প্রযুক্তিনির্ভর অনুসন্ধান কার্যক্রমে সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের আন্তরিকতা, দক্ষতা ও পেশাদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছে জেলা পুলিশ। উদ্ধার করা মোবাইল ফোনগুলোর প্রকৃত মালিকানা যাচাই করে নিশ্চিত হওয়ার পর সেগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
হারানো মোবাইল ফোন ফিরে পাওয়ার পর অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন মালিক আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা দীর্ঘদিন পর নিজেদের প্রয়োজনীয় মোবাইল ফোন ফিরে পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে পুলিশের এমন উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও বাড়াবে বলেও তারা আশা প্রকাশ করেন।
জেলা পুলিশ জানিয়েছে, জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করার পাশাপাশি হারানো ও চুরি যাওয়া বিভিন্ন মালামাল উদ্ধারে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে। সাধারণ মানুষের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুততম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধ দমন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে অপরাধী শনাক্ত এবং হারানো মালামাল উদ্ধারে প্রযুক্তিনির্ভর কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনসাধারণের সেবা নিশ্চিত করতে জেলা পুলিশের প্রতিটি ইউনিটকে আরও পেশাদার ও কার্যকরভাবে কাজ করার নির্দেশনাও রয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
