বেনাপোলে নাগরিক দুর্ভোগ কমাতে পরিকল্পিত উন্নয়নের প্রতিশ্রুতি ইমদাদুল হকের
বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন মেয়র পদপ্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ।
উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়, মানুষের দৈনন্দিন দুর্ভোগ কমাতে পরিকল্পিতভাবে রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সেবার উন্নয়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ।
বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছোট আঁচড়ায় টানা তৃতীয় দিনের মতো গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সমস্যা ও নাগরিক প্রত্যাশার কথা শোনেন।
গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা রাস্তা সংস্কার, পানি নিষ্কাশন ব্যবস্থা ও পরিকল্পিত অবকাঠামো উন্নয়নের বিষয়গুলো তুলে ধরেন। তারা জানান, সড়কের বিভিন্ন অংশের দুরবস্থার কারণে বর্ষাসহ বিভিন্ন সময়ে চলাচলে ভোগান্তি পোহাতে হয়।
স্থানীয়দের কথা শুনে ইমদাদুল হক ইমদাদ বলেন, মানুষের প্রয়োজন ও সমস্যাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। সুযোগ পেলে বেনাপোল পৌরসভার রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, “উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। মানুষের দৈনন্দিন দুর্ভোগ কমাতে পরিকল্পিতভাবে রাস্তা, ড্রেনেজ ও নাগরিক সেবার উন্নয়ন করতে হবে।”
গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন, শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুলসহ পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া ছোট আঁচড়া ওয়ার্ডের স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরাও গণসংযোগে অংশ নেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
