অভিযোগের জবাব দিলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে যা বললেন

স্বাস্থ্য-চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৮:৪৪ অপরাহ্ণ
অভিযোগের জবাব দিলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে যা বললেন

অভিযোগের জবাব দিলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিল হওয়া আদ্-দ্বীন হাসপাতালকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে স্বাস্থ্যমন্ত্রীর একটি বক্তব্য। তবে হাসপাতালের লাইসেন্স রক্ষায় কোটি কোটি টাকা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে যাওয়ার অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।

সোমবার রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হাসপাতালের পক্ষ থেকে কোনো ধরনের আর্থিক প্রস্তাব নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়নি। অভিযোগের পক্ষে প্রমাণ থাকলে তা প্রকাশের আহ্বানও জানান তিনি।

সম্প্রতি এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দাবি করেছিলেন, আদ্-দ্বীন হাসপাতাল লাইসেন্সসংক্রান্ত বিষয়ে তাঁর কাছে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে। ওই বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে প্রথমে বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও পরে নিজের অবস্থান পরিষ্কার করেন শেখ মহিউদ্দিন।

তিনি বলেন, একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি হিসেবে বিভিন্ন প্রশাসনিক ও নীতিগত বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক বিষয়। তবে সেটিকে অর্থের বিনিময়ে প্রভাব বিস্তারের চেষ্টা হিসেবে দেখার কোনো সুযোগ নেই।

লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, সরকারের সিদ্ধান্তকে তারা সম্মান করছেন। যদিও সিদ্ধান্তটি হাসপাতালের জন্য বড় ধরনের ধাক্কা, তবু এর মাধ্যমে যদি দেশের অন্যান্য হাসপাতাল ও মেডিকেল কলেজ আরও সতর্ক হয়, তাহলে সেটিকে ইতিবাচকভাবেই দেখছেন তারা।

সংবাদ সম্মেলনে হাসপাতালের সাম্প্রতিক সংস্কার কার্যক্রমও তুলে ধরা হয়। ডা. শেখ মহিউদ্দিন জানান, স্বাস্থ্য অধিদপ্তরের পরিদর্শন প্রতিবেদনে যেসব ঘাটতি ও ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে, সেগুলো দ্রুত সমাধানের কাজ চলছে। অধিকাংশ কাজ অল্প সময়ের মধ্যেই সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

হাসপাতাল ভবনের একটি অংশে পরিচালিত বেকারি নিয়েও কথা বলেন তিনি। সরকারের আপত্তির পরিপ্রেক্ষিতে সেটির কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে এবং ভবিষ্যতে অন্য স্থানে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে বলে জানান।

লাইসেন্স বাতিলের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ আপিলের প্রস্তুতি নিচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। নির্ধারিত সময়সীমার মধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপিল করা হবে। তবে এ মুহূর্তে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানান নির্বাহী পরিচালক।

হাসপাতালে বর্তমানে ভর্তি রোগীদের বিষয়ে তিনি বলেন, নতুন রোগী ভর্তি বন্ধ থাকলেও আগে থেকে ভর্তি থাকা সংকটাপন্ন রোগীদের চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে। বিশেষ করে আইসিইউ ও নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা রোগীদের হঠাৎ স্থানান্তর ঝুঁকিপূর্ণ হওয়ায় তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নবজাতকদের মৃত্যুর ঘটনা নিয়ে তিনি গভীর দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে বলেন, মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তদন্ত প্রতিবেদনে কিছু পরিবেশগত ও প্রযুক্তিগত বিষয় নিয়ে উদ্বেগের কথা উল্লেখ থাকলেও বিস্তারিত কারণ জানতে আরও বিস্তৃত বৈজ্ঞানিক ও ফরেনসিক তদন্ত প্রয়োজন।

তার ভাষ্য, এমন একটি স্পর্শকাতর ঘটনায় সব ধরনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে নিরপেক্ষ অনুসন্ধান হওয়া জরুরি, যাতে প্রকৃত কারণ উদ্‌ঘাটনের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন