সুন্দরবনে ‘জাহাজে ডাকাতির চেষ্টা’, সংবাদটি বানোয়াট দাবি টোয়াসের
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির খবর ভিত্তিহীন দাবি করেছে টোয়াস।
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টার খবরকে ভিত্তিহীন, কাল্পনিক ও বানোয়াট দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস)। সংগঠনটির দাবি, তাদের নিবন্ধিত কোনো পর্যটকবাহী নৌযানে এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
একটি মহল পরিকল্পিতভাবে সুন্দরবনের পর্যটন খাতের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এমন সংবাদ প্রচার করেছে বলেও অভিযোগ করেছে সংগঠনটি। সোমবার (৫ অক্টোবর) বিকেলে মোংলা প্রেসক্লাবের অডিটোরিয়ামে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে টোয়াসের সাধারণ সম্পাদক শাহ জামান খান পপুল বলেন, বিভিন্ন গণমাধ্যমে ‘সুন্দরবনে ট্যুরিস্ট জাহাজে ডাকাতির চেষ্টা’ শিরোনামে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি বলেন, সুন্দরবনে পর্যটন মৌসুম শুরু হওয়ার আগে পর্যটকদের মধ্যে আতঙ্ক তৈরি এবং পর্যটন ব্যবসার ক্ষতি করার উদ্দেশ্যে কেউ এ ধরনের অপপ্রচার চালিয়ে থাকলে তা অত্যন্ত দুঃখজনক। সুন্দরবনের পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে নিরাপদ পরিবেশে পর্যটকদের সেবা দিয়ে আসছে।
টোয়াসের সাধারণ সম্পাদক আরও বলেন, সংগঠনটির নিবন্ধিত কোনো পর্যটকবাহী নৌযানে ডাকাতির চেষ্টা বা এ ধরনের কোনো ঘটনার তথ্য তাদের কাছে নেই। বিষয়টি বন বিভাগও নিশ্চিত করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, সুন্দরবন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। প্রতিবছর দেশ-বিদেশের বিপুলসংখ্যক পর্যটক এই প্রাকৃতিক সৌন্দর্যের স্থানটি দেখতে আসেন। পর্যটন মৌসুমের শুরুতে সুন্দরবন নিয়ে নেতিবাচক বা বিভ্রান্তিকর সংবাদ প্রচার হলে এর প্রভাব পড়ে পর্যটক, ট্যুর অপারেটর, নৌযান মালিক এবং স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের ওপর।
টোয়াসের দাবি, এ ধরনের সংবাদ সুন্দরবনের নিরাপত্তা ও পর্যটন পরিবেশ সম্পর্কে মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি করতে পারে। এতে পর্যটন খাত আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।
প্রকাশিত সংবাদ দ্রুত প্রত্যাহার করে সংশ্লিষ্টদের দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছে টোয়াস। একই সঙ্গে ভবিষ্যতে সুন্দরবনসংক্রান্ত যেকোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, নৌযান কর্তৃপক্ষ এবং নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সংগঠনটি বলেছে, সুন্দরবনের পর্যটন শিল্পের স্বার্থে দায়িত্বশীল ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো বিচ্ছিন্ন ঘটনা বা যাচাইহীন তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের আগে যথাযথ যাচাই করা হলে বিভ্রান্তি ও অযাচিত আতঙ্ক এড়ানো সম্ভব।
টোয়াস আরও জানায়, সুন্দরবনের পর্যটন খাতের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সুন্দরবনকে ঘিরে যেকোনো তথ্য প্রকাশে সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
