মিল্কভিটার ৩১ কর্মকর্তার পদোন্নতি নিয়ে ৭ অক্টোবর বিশেষ সভা

প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
মিল্কভিটার ৩১ কর্মকর্তার পদোন্নতি নিয়ে ৭ অক্টোবর বিশেষ সভা

মিল্কভিটার ৩১ কর্মকর্তার পদোন্নতি নিয়ে বিশেষ সভা

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্কভিটা)-এর ৩১ কর্মকর্তার পদোন্নতি সংক্রান্ত সুপারিশসহ প্রতিষ্ঠানটির সার্বিক বিষয় পর্যালোচনা ও আলোচনা করতে বিশেষ সভা আহ্বান করেছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিষ্ঠান শাখা-২ থেকে গত ৫ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা এক অফিস আদেশে এ সভার তথ্য জানানো হয়েছে। স্মারক নম্বর—৪৭.০০.০০০০.০০০.০৪৭.১১.০৪০০.২৬-৪১২।

নোটিশ অনুযায়ী, আগামী ৭ অক্টোবর ২০২৬, বুধবার সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর-৬৩৩, ভবন নম্বর-৭) সভাটি অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদ।

সরকারি নোটিশে বলা হয়েছে, মিল্কভিটায় বিভিন্ন পর্যায়ে কর্মরত ৩১ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদানের জন্য একটি কমিটি সুপারিশ পেশ করেছে। ওই সুপারিশের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদোন্নতি প্রদানের বিষয়টি সভায় পর্যালোচনা করা হবে। পাশাপাশি তাদের ব্যক্তিগত কর্মকাণ্ড ও নৈতিকতার বিষয়ও মূল্যায়ন করা হবে।

এ ছাড়া মিল্কভিটার সামগ্রিক কার্যক্রম ও সার্বিক বিষয়াদি নিয়েও সভায় আলোচনা ও পর্যালোচনা করার কথা রয়েছে।

সভায় সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ব্যক্তিবর্গকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

নোটিশে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) ব্যবস্থাপনা পরিচালককে প্রয়োজনীয় তথ্য ও তথ্য-উপাত্তসহ সভায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালককেও নোটিশের অনুলিপি দেওয়া হয়েছে।

সচিবালয়ে সভায় আগত কর্মকর্তা ও কর্মচারীদের প্রবেশের জন্য প্রয়োজনীয় অনুমতি ও পাস প্রদানের ব্যবস্থা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাকেও নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে।

এ ছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিস্টেম অ্যানালিস্টকে নোটিশটি দ্রুত বিভাগের সরকারি ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থা নিতে বলা হয়েছে। সচিবের একান্ত সচিব, প্রশাসন শাখা-১-এর সিনিয়র সহকারী সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও নোটিশের অনুলিপি দেওয়া হয়েছে।

নোটিশ অনুযায়ী, সভায় উপস্থিত মোট ১৫ জন সদস্যের আপ্যায়নের ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন শাখা-১-এর সংশ্লিষ্ট কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সহকারী সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন স্বাক্ষরিত এ নোটিশটি ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা হয়।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page