চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের মর্যাদা ও পেশাগত নিরাপত্তার ওপর গুরুত্ব

প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের মর্যাদা ও পেশাগত নিরাপত্তার ওপর গুরুত্ব

নাচোলে বিশ্ব শিক্ষক দিবস পালিত

‘শিক্ষকদের পাশে দাঁড়াই: পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় নাচোল উপজেলা অডিটোরিয়ামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াঙ্কা দাসের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজনু মিঞা, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. ফারহানা নবী, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজামুল হক, ভেরেন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক ও সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান ওবায়দুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি একটি উন্নত, মানবিক ও শিক্ষিত সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকরা শুধু পাঠদান করেন না, শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্ববোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই শিক্ষকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. মিজানুর রহমান বলেন, ‘শিক্ষকরাই জাতি গঠনের প্রধান কারিগর।’ শিক্ষার্থীদের সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে ইউএনও প্রিয়াঙ্কা দাস বলেন, শিক্ষকদের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে নাচোল উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার মধ্য দিয়ে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি, পেশাগত নিরাপত্তা এবং শিক্ষার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page