বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ইবিতে তিন দিনব্যাপী ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ইবিতে তিন দিনব্যাপী ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ফুড ফেস্টিভ্যাল।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ‘ফুড ফেস্টিভ্যাল’ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ক্যাম্পাসের ঐতিহ্যবাহী বটতলায় বর্ণাঢ্য এ আয়োজনের সমাপ্তি ঘটে।

এর আগে গত রবিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে শিক্ষার্থীরা আবহমান বাংলার ঐতিহ্যবাহী পেশা ও সংস্কৃতির রূপ তুলে ধরে কৃষক, জেলে, বাউল, আদিবাসী এবং বর-বধূসহ পর্যটন ও সংস্কৃতি খাতের বৈচিত্র্যময় পোশাকে অংশ নেন।

তিন দিনব্যাপী এই খাদ্য উৎসবে মোট ২১টি স্টলে নানা স্বাদের ঐতিহ্যবাহী ও আধুনিক খাবার প্রদর্শন ও পরিবেশন করা হয়। উৎসব প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, প্রায় সব বিভাগের শিক্ষার্থীদের উপস্থিতি। মেলায় বিভাগের শিক্ষার্থীরা নিজ হাতে তৈরি বিভিন্ন ধরনের পিঠার পসরা সাজিয়েছেন। অনেকেই বাহারি পিঠার স্বাদ নিতে এসেছেন উৎসবস্থলে। কেউ আগ্রহ নিয়ে দেখছেন হরেক রকমের বই, গহনা ও পোশাক। কেউ আবার প্রিয়জনকে চিঠি দিতে ব্যস্ত।

উৎসবে ঘুরতে এসে বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ্ অ্যান্ড ল বিভাগের শিক্ষার্থী মনিরুজ্জামান বলেন, যারা তরুণ উদ্যোক্তা আছেন এই উৎসবের মাধ্যমে তারা সহজেই পণ্যগুলো সবার কাছে পৌঁছে দিতে পারেন। এমন উৎসবের আয়োজন শুধু পণ্যের বেচাকেনাই নয়, শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কও গড়ে তুলতে সাহায্য করে। আমরা চাই প্রতি বছরই এমন আয়োজন হোক।

তরুণ উদ্যোক্তা ও বিভাগের শিক্ষার্থী ওয়াসিফুর রহমান বলেন “ওয়ার্ল্ড ট্যুরিজম ডে ২০২৬ উপলক্ষে আমাদের ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত এই ফুড ফেস্টিভ্যালে ‘Tour Hub’-এর স্টল নিয়ে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। তরুণ উদ্যোক্তা হিসেবে আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের মাঝে পর্যটন সংস্কৃতি ছড়িয়ে দেওয়া এবং সাশ্রয়ী মূল্যে সেরা ট্যুর সার্ভিস পৌঁছে দেওয়া। দেশ ও দেশের বাইরে ট্যুর আয়োজনের পাশাপাশি সেন্টমার্টিন ও কুয়াকাটাসহ আমাদের আকর্ষণীয় প্যাকেজগুলোতে শিক্ষার্থীদের দারুণ সাড়া পাচ্ছি। বিশেষ করে আমাদের স্টল থেকে ট্যুর এক্সপেরিয়েন্স শেয়ার করে এবং ‘আমার চোখে বাংলাদেশ’ ফটোগ্রাফি কন্টেস্টে ফ্রি ট্যুর জেতার সুযোগের বিষয়টি শিক্ষার্থীদের দারুণভাবে আকৃষ্ট করছে।”

উদযাপন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মো: মাসুদ রানা বলেন,“পর্যটনের সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত গুরুত্ব তুলে ধরা এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবারের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘Digital Agenda and Artificial
Intelligence to Redesign Tourism’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঙালি সংস্কৃতি ও
আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বর্ণাঢ্য র‍্যালি এবং শিক্ষার্থীদের পাঠ্যক্রমের ব্যবহারিক অংশ হিসেবে রন্ধনশিল্প (কালিনারি আর্ট) এবং ফুড প্রোডাকশন ও প্রেজেন্টেশন প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের অংশগ্রহণে তিন দিনব্যাপী একটি সফল ‘ফুড ফেস্টিভ্যাল’ সম্পন্ন হয়েছে।”

তিনি আরও জানান, গত ২৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অ্যাকাডেমিক কাউন্সিল এবং উপাচার্য মহোদয়ের শিডিউল জটিলতার কারণে মূল সেমিনারটি পিছিয়ে আগামী ১০ অক্টোবরে নির্ধারণ করা হয়েছে।

এবিষয়ে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম বলেন, ‘এ আয়োজন শুধু খাবারের বৈচিত্র্য প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্যোক্তা হওয়ার মানসিকতা, দলগত কাজ এবং বাস্তবভিত্তিক দক্ষতা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। বিশেষ করে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের পরিকল্পনা, ব্যবস্থাপনা ও অংশগ্রহণ এ আয়োজনকে প্রাণবন্ত করেছে। বিভিন্ন ধরনের দেশীয় ও আন্তর্জাতিক খাবারের পাশাপাশি খাদ্য পরিবেশন, ব্যবস্থাপনা ও আতিথেয়তার মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করার সুযোগ পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন, আয়োজক কমিটি, বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, স্টল উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ আয়োজন সফল হয়েছে। আমরা আশা করি, ভবিষ্যতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং পর্যটন ও হসপিটালিটি খাতের জন্য দক্ষ মানবসম্পদ তৈরির পথ আরও সুগম হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page