মনোহরদীতে শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ
ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
নরসিংদীর মনোহরদীতে সাত বছরের এক শিশুকে চকলেট দেওয়ার কথা বলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে । এ সময় শিশুটির চিৎকার থামাতে তার মুখে সিগারেটের আগুন দিয়ে পোড়ানো এবং কসটেপ লাগানোরও অভিযোগ করা হয়েছে ।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কাচিকাটা ইউনিয়নের দক্ষিণ বারুদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আবদুল্লাহ (১৮) কাচিকাটা ইউনিয়নের দক্ষিণ বারুদিয়া এলাকার নুরু মিয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, রোববার বিকেলে শিশুটি বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় প্রতিবেশী আব্দুল্লাহ চকলেট দেওয়ার কথা বলে শিশুটিসহ তার দুই খেলার সঙ্গীকে নিজের ঘরে ডেকে নেন। পরে অন্য দুই শিশু ঘরের বাইরে অবস্থান করলে আব্দুল্লাহ শিশুটির পরনের কাপড় খুলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে আবদুল্লাহ তার মুখে সিগারেটের আগুন দিয়ে পোড়ান এবং পরে মুখে কসটেপ লাগিয়ে দেন। একপর্যায়ে অন্য এক শিশুর মা তাকে খুঁজতে ওই বাড়িতে গেলে অভিযুক্ত শিশুটিকে ছেড়ে দেন।
পরে শিশুটি বাড়িতে ফিরে তার নানি ও মায়ের কাছে ঘটনার বিস্তারিত জানায়। এ ঘটনায় শিশুটির নানি বাদী হয়ে মনোহরদী থানায় অভিযুক্ত আব্দুল্লাহর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
