তিতুমীর কলেজ ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সাংবাদিক আহত
তিতুমীর কলেজে ছাত্রদলের দুই পক্ষের বিরোধের মধ্যে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।
রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ছাত্রদলের দুই গ্রুপের বিরোধকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ফেস দ্য পিপলের ক্যাম্পাস প্রতিনিধি আব্দুর রহমান তালুকদার। এ ঘটনায় ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কলেজ ক্যাম্পাসে বোটানি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সিআরকে কেন্দ্র করে বিরোধের জেরে মারামারির সূত্রপাত হয়। পরে রাত ১০টার দিকে ওই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে আব্দুর রহমান তালুকদারের ওপর হামলা এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
আব্দুর রহমান তালুকদার বলেন, ‘আমি টিউশন শেষ করে ক্যাম্পাসে এসে ঝামেলা দেখে সেখানে দাঁড়াই। দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই চার-পাঁচজন আমাকে মারধর শুরু করে। এ সময় তারা “ওই সাংবাদিক সমিতির ওরে মার” বলে চিৎকার করছিল। ৮-৯ জন মিলে আমাকে কিল-ঘুষি দিয়ে মাটিতে ফেলে দেয় এবং আমার ফোন ছিনিয়ে নিয়ে যায়।’
পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, হামলায় অভিযুক্ত রোকনুজ্জামান রাকিব তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্যসচিব সেলিম রেজার অনুসারী বলে জানা গেছে।
এ বিষয়ে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
মারামারি ও সাংবাদিকের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত। ছাত্রদল কোনোভাবেই এ ধরনের ঘটনাকে সমর্থন করে না। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তবে সংবাদ সংগ্রহের সময় একজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ওঠায় ঘটনাটি নিয়ে কলেজের সাংবাদিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এই সংবাদ লেখা পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
