একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু আজ, সুযোগ পাচ্ছেন যারা
একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে আজ থেকে অনলাইন আবেদন শুরু।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইন আবেদন শুরু হচ্ছে আজ রোববার (২৭ সেপ্টেম্বর)। এ ধাপে আবেদন করা যাবে আগামীকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর রাত ৮টায়।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের গত ১৭ সেপ্টেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় ধাপে আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, যারা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম ধাপে আবেদন করেনি অথবা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি, তারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে। এ ছাড়া চূড়ান্ত মনোনয়ন পেয়েও নির্ধারিত সময়ে নিশ্চায়ন করতে না পারা কিংবা সময়মতো কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থীরাও এ সুযোগ পাবে।
ভুল কোটা নির্ধারণের কারণে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পরও যারা কলেজে ভর্তি হতে পারেনি, তারাও দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের নিজেদের কোটার যোগ্যতা যাচাই করে সঠিকভাবে কোটা নির্বাচন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
দ্বিতীয় ধাপে আবেদন করতে শিক্ষার্থীদের নির্ধারিত ভর্তি ওয়েবসাইটের নির্দেশনা অনুসরণ করতে হবে। কলেজে বিদ্যমান আসনসংখ্যা বিবেচনা করে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে দিতে হবে।
প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি—এমন শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে নতুন করে ২২০ টাকা অনলাইন আবেদন ফি দিতে হবে না। তাদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ সিলেকশন বা এডিট সম্পন্ন করতে হবে।
দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচন নিশ্চায়নের সুযোগ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর রাত ৮টায়। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।
শিক্ষার্থী ও অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দেওয়ার পাশাপাশি আবেদন করার সময় কোটার তথ্য সঠিকভাবে দেওয়ার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে। ভর্তি-সংক্রান্ত সব কার্যক্রম নির্ধারিত অনলাইন ভর্তি পোর্টালের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করতে হবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
