নওগাঁ শহরের দুই এলাকায় পুলিশের অভিযান, ইয়াবাসহ আটক ৯ জন
নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে যৌথ অভিযানে নয়জনকে গ্রেফতার করেছে নওগাঁ ডিবি ও সদর থানা পুলিশ।
নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় মাদকবিরোধী অভিযানে এক মাদক বিক্রেতাসহ নয়জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নওগাঁ সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে টানা দুই ঘণ্টা যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের দাবি, অভিযানে একজনের কাছ থেকে ১৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একই অভিযানে মাদক সেবন ও জনসাধারণের চলাচলে বিরক্তি সৃষ্টির অভিযোগে আরও আটজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় মাদক ব্যবসা ও মাদকসেবন প্রতিরোধে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে নওগাঁ ডিবি ও নওগাঁ সদর থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে সুইপার কলোনি এলাকার লীলা বাশফোর (৪৫)-এর কাছ থেকে ১৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। তিনি নওগাঁ শহরের সুইপার কলোনি এলাকার বাসিন্দা। পুলিশ তাকে মাদক বিক্রির অভিযোগে গ্রেফতার করেছে।
এদিকে একই অভিযানে মাদক সেবন এবং জনসম্মুখে বিশৃঙ্খল বা জনভোগান্তি সৃষ্টির অভিযোগে আরও আটজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন—মহাদেবপুর উপজেলার হরশি মধ্যপাড়ার মৃত জব্বার সরদারের ছেলে মো. কালাম (৪৭), নওগাঁ সদর উপজেলার গোমারদগ ব্রিজের মুখ এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে মো. সুইট (৩২), দিনাজপুর সদর উপজেলার মোস্তফাবাদ এলাকার মৃত শ্রী সুশিল দাসের ছেলে শ্রী রতন (৪৭), ভোলা সদর উপজেলার ভোলা গজারিয়া বাজার এলাকার মৃত লোকমান ব্যাপারীর ছেলে মো. সালাউদ্দিন (২৩), নওগাঁ সদর উপজেলার চক এনায়েত (মাস্টারপাড়া) এলাকার মো. সোলাইমান খন্দকারের (খাঁজা) ছেলে মো. নাহিদ ইসলাম (৩৯), নওগাঁ সদর উপজেলার হাট নওগাঁ কালীতলা মন্দিরের পেছনের এলাকার মো. বাবলু হোসেনের ছেলে মো. আরিফ হোসেন (৩০), পিরোজপুর উত্তরপাড়া এলাকার মো. আব্দুল করিমের ছেলে মো. রিকো (৩৯) এবং বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মো. জাফর আলী (৩৬)।
পুলিশ জানিয়েছে, অভিযানে গ্রেফতার নয়জনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ও গ্রেফতার ব্যক্তিদের বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় মাদকবিরোধী অভিযান এর আগেও ধারাবাহিকভাবে পরিচালিত হয়েছে। গত এক মাসে এসব এলাকায় আনুমানিক ১০টি অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসব অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে।
পুলিশের ভাষ্য, নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় মাদক ব্যবসা ও মাদকসেবন প্রতিরোধে নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্যের বিস্তার ঠেকাতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এলাকাগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
