গাজী নজরুলের বাসা থেকে মরিয়মের হাতে লেখা একাধিক চিঠি উদ্ধার
গাজী নজরুলের বাসা থেকে উদ্ধার হওয়া হাতে লেখা চিঠি ও নোট
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বাসা থেকে হাতে লেখা একাধিক চিঠি ও নোট উদ্ধার করা হয়েছে। জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ এবং লাল-কালো কালিতে লেখা এসব পাতায় সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, আক্ষেপ ও আত্মমর্যাদা নিয়ে নানা কথা রয়েছে। নথিগুলোতে নিজেকে ‘দাবার ঘুঁটি’ হিসেবে দেখার আক্ষেপের পাশাপাশি ভবিষ্যৎ পরিণতি নিয়ে সতর্কবার্তাও রয়েছে।
উদ্ধার হওয়া একটি চিঠি জাতীয় সংসদের অফিসিয়াল প্যাডে কালো কালিতে লেখা। সেখানে লেখক সম্পর্কের মধ্যে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে নিজেকে পরাজিত মনে হওয়ার কথা জানিয়েছেন। লেখাটিতে বলা হয়েছে, তিনি বিশ্বাস করে সম্পর্কে জড়িয়েছিলেন; কিন্তু শেষ পর্যন্ত জানতে পারেন, যাকে নিজের পক্ষের মানুষ ভেবেছিলেন, তিনিই বিপক্ষের অবস্থানে ছিলেন।
অন্য একটি সাদা পাতায় সম্পর্কের অধিকার ও ভালোবাসার অপূর্ণতার কথা উঠে এসেছে। সেখানে লেখক উল্লেখ করেছেন, ওই ব্যক্তি অন্য এক নারীর স্বামী ছিলেন। ফলে সম্পর্কটিতে নিজের অবস্থান নিয়ে দ্বন্দ্বের পাশাপাশি কাউকে ‘অর্ধেক’ পাওয়ার চেয়ে তাঁকে ছেড়ে দেওয়াকে বেশি সম্মানের বলে উল্লেখ করা হয়েছে।
আরেকটি পাতায় সম্পর্ককে একটি খেলার সঙ্গে তুলনা করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, বন্ধুত্বের কথা বলে একটি ‘গেমস’-এ অংশ নেওয়ার পর লেখক বুঝতে পারেন, তিনি নিজেই সেই খেলায় দাবার একটি ঘুঁটিতে পরিণত হয়েছেন। এতে বিশ্বাসের সুযোগ নিয়ে প্রতারিত হওয়ার অনুভূতি প্রকাশ পেয়েছে।
জাতীয় সংসদের প্যাডে লেখা আরেকটি পাতায় পরাজয়ের আক্ষেপের সঙ্গে কঠোর সতর্কবার্তাও রয়েছে। সেখানে লেখক বলেছেন, বিশ্বাস করার কারণেই তাঁকে ঠকিয়ে জয় পাওয়া সম্ভব হয়েছে। একই লেখায় নিজের হাসিকে ভবিষ্যৎ পরিণতির সঙ্গে যুক্ত করে একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে।
লাল কালিতে লেখা আরেকটি ছোট নোটে আত্মমর্যাদার বিষয়টি তুলে ধরা হয়েছে। সেখানে লেখক জানিয়েছেন, মায়ার কারণে বারবার নত হলেও তাঁকে যতটা দুর্বল বা ‘সস্তা’ মনে করা হচ্ছে, তিনি ততটা নন।
এসব আবেগ ও ক্ষোভের লেখার সঙ্গে ‘১২-০৭-২০২৬’ তারিখ লেখা একটি আলাদা পাতাও পাওয়া গেছে। ওই পাতায় ঘুমানোর আগে পালনীয় কয়েকটি ধর্মীয় আমল ও দোয়ার তালিকা রয়েছে। এতে কালেমা, দরুদ শরিফ, ঘুমের দোয়া, আয়াতুল কুরসি, ইস্তিগফারসহ কয়েকটি আমলের উল্লেখ রয়েছে।
উদ্ধার হওয়া নথিগুলোর লেখক কে এবং এগুলোর সঙ্গে সাম্প্রতিক ঘটনার কী সম্পর্ক রয়েছে, তা তদন্তের বিষয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হাতে লেখা এসব নথির হাতের লেখা, তারিখ ও বিষয়বস্তু গুরুত্ব দিয়ে যাচাই করা হচ্ছে।
এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচিত মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম যাওয়ার কথা জানিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পারিপার্শ্বিকতা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হচ্ছে।
হাতে লেখা চিঠিগুলোতে সম্পর্কের বিষয়ে নানা অভিযোগ, আক্ষেপ ও সতর্কবার্তা থাকলেও এগুলোকে ঘটনার চূড়ান্ত কারণ হিসেবে দেখছে না পুলিশ। তদন্তে নথিগুলোর গুরুত্ব ও প্রাসঙ্গিকতা যাচাই করা হচ্ছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!



