সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার
রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচিত মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে তাঁর মরদেহ পাওয়া যায়।
তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি জানান, মরদেহ তখনো ঝুলন্ত অবস্থায় ছিল। ঘটনাস্থলে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন এবং সিআইডির ফরেনসিক টিম সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। মৃত্যুর কারণ নিশ্চিত করতে পরবর্তী আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।
মরিয়ম খাতুনকে গাজী নজরুল ইসলাম তাঁর দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিলেন। চলতি বছরের জুলাইয়ে গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়। পরে গাজী নজরুল ইসলাম লিখিত বক্তব্যে ভিডিওতে থাকা নারীকে তাঁর দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন।
ওই ঘটনার পর ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। দলটির পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে ‘নৈতিক স্খলন’-এর অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছিল। একই সঙ্গে তাঁর বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে জানানোর সিদ্ধান্তের কথাও দলটির পক্ষ থেকে বলা হয়।
তবে মরিয়ম খাতুনের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে ফরেনসিক টিমের পরীক্ষা ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি তদন্ত করছে। মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলের বিভিন্ন আলামত সংগ্রহ এবং মৃত্যুর পারিপার্শ্বিক পরিস্থিতি যাচাই করা হচ্ছে।
সূত্র: ইত্তেফাক
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
