ফেসবুক-হোয়াটসঅ্যাপ নতুন ফিচার ‘মেটা ওয়ান’ রয়েছে যেসব সুবিধা
ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে বাড়তি সুবিধার জন্য Meta One সাবস্ক্রিপশন চালু করেছে মেটা
ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারে বাড়তি সুবিধা দিতে ‘মেটা ওয়ান’ নামে নতুন সাবস্ক্রিপশন সেবা চালু করেছে মেটা। এতে ব্যবহারকারীরা অতিরিক্ত কাস্টমাইজেশন ও এক্সপ্রেশন সুবিধার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বাড়তি সুযোগ পাবেন। একই সঙ্গে ক্রিয়েটর ও ব্যবসায়ীদের জন্য যুক্ত করা হয়েছে বিভিন্ন পেশাদার টুল।
মেটা ১৫ সেপ্টেম্বর নতুন সেবাটির ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, মেটা ওয়ানে শুরুতে ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও মেটা এআই মিলিয়ে ৫০টির বেশি ফিচার থাকছে। মূল অ্যাপ ও মেটা এআইয়ের সাধারণ ব্যবহার বিনা মূল্যে চালু থাকবে; সাবস্ক্রিপশনের মাধ্যমে অতিরিক্ত ও বিশেষায়িত সুবিধা পাওয়া যাবে।
ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য আলাদা অ্যাপভিত্তিক কয়েকটি প্ল্যানও থাকছে। ইনস্টাগ্রাম প্লাসের মাসিক মূল্য ৩.৯৯ ডলার। এতে স্টোরি ও ডিএমে কাস্টম ফন্ট, নির্দিষ্ট ব্যক্তির স্টোরি দেখার নোটিফিকেশন এবং ডিএম প্রিভিউয়ের মতো সুবিধা পাওয়া যাবে।
হোয়াটসঅ্যাপ প্লাসের মাসিক মূল্য ২.৯৯ ডলার। এতে বিশেষ থিম ও আইকন, বিশেষ ইফেক্টযুক্ত স্টিকার এবং আরও বেশি চ্যাট পিন করার সুবিধা থাকছে। চ্যাট ও মিডিয়া ব্যাকআপের জন্য বাড়তি স্টোরেজ এবং ‘ফোকাস শিডিউল’ সুবিধাও চালুর কথা জানিয়েছে মেটা।
ফেসবুক প্লাসের মাসিক মূল্য ৩.৯৯ ডলার। এতে কাস্টম অ্যাপ আইকন, মেসেঞ্জার কাস্টমাইজেশন এবং পোস্ট ও রিলসে বিশেষ রিঅ্যাকশনের মতো সুবিধা থাকছে।
এআই ব্যবহারকারীদের জন্য রয়েছে ‘কোর’ ও ‘প্রিমিয়াম’ বান্ডেল। কোর প্ল্যানের মাসিক মূল্য ৭.৯৯ ডলার। এতে ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপের প্লাস সুবিধাগুলোর পাশাপাশি মেটা এআই দিয়ে আরও বেশি ছবি ও ভিডিও তৈরির সুযোগ থাকবে। ইনস্টাগ্রামের ‘রেস্টাইল’সহ বিভিন্ন এআই ও ক্রিয়েটিভ টুল ব্যবহারের সীমাও বাড়বে।
প্রিমিয়াম প্ল্যানের মাসিক মূল্য ১৯.৯৯ ডলার। এতে কোরের সুবিধাগুলোর পাশাপাশি মেটা এআই ও বিভিন্ন অ্যাপে কনটেন্ট তৈরির জন্য আরও বেশি ব্যবহারের সুযোগ দেওয়া হবে।
ক্রিয়েটর ও ব্যবসায়ীদের জন্য মেটা ওয়ানে রয়েছে আলাদা সাবস্ক্রিপশন। ‘এসেনশিয়াল’ প্ল্যানের দাম শুরু ১৪.৯৯ ডলার থেকে। এতে ভেরিফায়েড ব্যাজ, হোয়াটসঅ্যাপ বিজনেসে ভেরিফায়েড চ্যানেল, পরিচয় নকলের বিরুদ্ধে সুরক্ষা এবং মেটা বিজনেস এজেন্ট ব্যবহারের সুবিধা থাকছে।
‘অ্যাডভান্সড’ প্ল্যানের দাম শুরু ৪৯.৯৯ ডলার থেকে। এতে ৩০ দিন আগে স্টোরি শিডিউল করা, অর্গানিক পোস্ট ও রিলে লিংক শেয়ার, এক্সপোর্ট করা যায় এমন অ্যানালিটিক্স, উন্নত অডিয়েন্স ইনসাইট এবং পাসওয়ার্ড শেয়ার না করেই দলের সদস্যদের অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ থাকবে।
বড় ব্র্যান্ড ও বড় টিমের জন্য রয়েছে ‘এক্সপার্ট’ ও ‘ম্যাক্স’ প্ল্যান। এগুলোর মাসিক মূল্য যথাক্রমে ১৪৯ ডলার ও ৪৯৯ ডলার থেকে শুরু। এসব প্যাকেজে বড় পরিসরে কনটেন্ট ও ব্যবসা পরিচালনার জন্য বেশি ফিচার এবং মেটা বিজনেস এজেন্ট ব্যবহারের সক্ষমতা দেওয়া হবে।
মেটা জানিয়েছে, মেটা ওয়ানের প্যাকেজগুলো বিশ্বব্যাপী ধাপে ধাপে চালু করা হচ্ছে। তবে দেশ, অ্যাপ ও অ্যাকাউন্টের ধরন অনুযায়ী মূল্য, সুবিধা ও প্রাপ্যতায় পার্থক্য থাকতে পারে। তাই নির্দিষ্ট কোনো অ্যাকাউন্টে কোন সুবিধা ও দাম প্রযোজ্য, তা সাবস্ক্রিপশন নেওয়ার সময় দেখা যাবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
