এমপির সঙ্গে ক্রিকেটারের বিয়ে, কে সেই ক্রিকেটার?
দীর্ঘদিনের সম্পর্কের পর বিয়ের প্রস্তুতি নিচ্ছেন রিংকু সিং ও প্রিয়া সরোজ
ভারতের সংসদ সদস্য প্রিয়া সরোজকে বিয়ে করতে যাচ্ছেন দেশটির তারকা ক্রিকেটার রিংকু সিং। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর গত বছর তাদের বাগদান সম্পন্ন হয়। এবার আগামী ৪ ডিসেম্বর লখনউয়ের রামাডা হোটেলে বিয়ের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
রিংকু সিং ভারতীয় ক্রিকেটের পরিচিত মুখ। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে নজরকাড়া পারফরম্যান্সের পর জাতীয় দলে জায়গা করে নেন তিনি। টি-টোয়েন্টিতে নিজের ব্যাটিং দিয়ে ইতোমধ্যে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন এই ক্রিকেটার।
রিংকুর ব্যক্তিগত জীবনও বেশ কিছুদিন ধরে আলোচনায়। সমাজবাদী পার্টির সংসদ সদস্য প্রিয়া সরোজের সঙ্গে তার সম্পর্কের কথা প্রকাশ্যে আসে ২০২৫ সালে। এক সাক্ষাৎকারে রিংকু জানিয়েছিলেন, করোনাকালীন সময়ে একটি ফ্যান পেজে প্রিয়ার ছবি দেখেই তার প্রতি আগ্রহ তৈরি হয়।
তবে সরাসরি প্রিয়াকে মেসেজ পাঠাতে প্রথমে কিছুটা দ্বিধায় ছিলেন রিংকু। পরে প্রিয়া তার কয়েকটি ছবিতে ‘লাইক’ দেওয়ার পর রিংকু তাকে বার্তা পাঠান। এরপর নিয়মিত তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়। রিংকুর ভাষ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে প্রিয়ার প্রতি ভালোবাসার অনুভূতি তৈরি হতে শুরু করে।
ম্যাচের আগেও প্রিয়ার সঙ্গে কথা বলতেন বলে জানিয়েছিলেন রিংকু। ধীরে ধীরে সেই সম্পর্ক আরও গভীর হয়। এরপর গত বছরের ৮ জুন লখনউয়ের দ্য সেন্ট্রাম হোটেলে তাদের বাগদান সম্পন্ন হয়।
এবার বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে দুই পরিবারে। আগামী ৪ ডিসেম্বর লখনউয়ের রামাডা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে পরিবারের সদস্যদের পাশাপাশি ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বিশেষ অতিথিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
রিংকুর হবু স্ত্রী প্রিয়া সরোজ উত্তর প্রদেশের মছলিশহর লোকসভা আসনের সমাজবাদী পার্টির সংসদ সদস্য। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনি এ আসন থেকে জয়ী হন। রাজনীতিতে আসার আগে প্রিয়া আইন পেশায় ছিলেন। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে নয়ডার অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন তিনি। এরপর সুপ্রিম কোর্টে প্র্যাকটিস শুরু করেন।
প্রিয়ার বাবা তুফানি সরোজও সমাজবাদী পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত এবং তিনবার নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন।
এদিকে রিংকু সিংয়ের ক্রিকেট ক্যারিয়ার শুরু হয় আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে। সেখানকার পারফরম্যান্সের সুবাদে ভারতীয় দলে সুযোগ পান তিনি। জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ও ওয়ানডেতেও খেলেছেন এই ক্রিকেটার।
সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ‘লাইক’ থেকে শুরু হওয়া পরিচয়, এরপর প্রেম ও বাগদান—সবশেষে বিয়ের প্রস্তুতি। রিংকু সিং ও প্রিয়া সরোজের সম্পর্ক এখন নতুন অধ্যায়ের সামনে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
