ফিজিশিয়ান স্যাম্পল ও তাপমাত্রা লঙ্ঘন: মাটিরাঙ্গায় দুই ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
ফিজিশিয়ান স্যাম্পল ও তাপমাত্রা লঙ্ঘন: মাটিরাঙ্গায় দুই ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা

মাটিরাঙ্গায় দুই ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর সদরের দুটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, ওষুধ যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ না করা এবং মেয়াদোত্তীর্ণের তারিখ গোপনের প্রমাণ পাওয়ায় মোট ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৬ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে জামান ফার্মেসি ও প্যানসিয়া ফার্মেসি নামে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা পৌর এলাকার বিভিন্ন ওষুধের দোকানে নিয়মিত তদারকির অংশ হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। এ সময় জামান ফার্মেসিতে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষিত ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটিতে কিছু ওষুধ নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ করা হচ্ছিল না এবং এমনভাবে ওষুধের গায়ের তথ্য কাটা ছিল যাতে মেয়াদোত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে বোঝা না যায়।

এসব অনিয়মের কারণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় জামান ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি না করা এবং ওষুধ সংরক্ষণে আইনগত বিধান মেনে চলার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খাগড়াছড়ি পার্বত্য জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আনিছুর রহমান। তিনি বলেন, ভোক্তার স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে ওষুধের সঠিক সংরক্ষণ ও বিক্রয় নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে। কোনো প্রতিষ্ঠান আইনের ব্যত্যয় ঘটালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান, মাটিরাঙ্গা থানার এসআই আশরাফুল ইসলাম এবং সঙ্গীয় পুলিশ সদস্য মো. গোলাপ হোসেন। তারা অভিযানের সময় বিভিন্ন ফার্মেসির সংরক্ষণ ব্যবস্থা, ওষুধের বৈধতা এবং বিক্রয় পদ্ধতি পর্যবেক্ষণ করেন।

অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ওষুধ যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণের তারিখ দৃশ্যমান রাখা এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ভোক্তার স্বার্থ রক্ষায় আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

 

👍 আমাদের অফিসিয়াল Facebook Page