জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত বসবে না কোনো হকার: ডিএসসিসি প্রশাসক

প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০২ অপরাহ্ণ
জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত বসবে না কোনো হকার: ডিএসসিসি প্রশাসক

জিরোপয়েন্ট থেকে সদরঘাট হকারমুক্ত রাখার উদ্যোগ

রাজধানীর জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত এলাকায় কোনো হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পল্টনে মেট্রোরেল স্টেশনের নিচে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা জানান।

ডিএসসিসি প্রশাসক বলেন, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত এলাকায় হকার বসার সুযোগ দেওয়া হবে না।

তিনি জানান, তবে হকারদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে মতিঝিলে নির্দিষ্ট সময়ের জন্য নাইট মার্কেট চালু করা হয়েছে। সেখানে বিকেল ৪টার পর হকাররা বসতে পারবেন।

আব্দুস সালাম বলেন, ‘মতিঝিলে বেলা চারটার পর নাইট মার্কেট চালু হয়েছে। সেখানে নির্দিষ্ট সময়ের জন্য হকার বসবে।’

তিনি আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পুরান ঢাকাকেন্দ্রিক হওয়ায় এই এলাকায় অনেক জায়গায় অপরিকল্পিতভাবে বসতি, ভাসমান দোকান ও বিভিন্ন ধরনের কারখানা গড়ে উঠেছে। এসব কারণে নগরের পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

ডিএসসিসি প্রশাসক বলেন, ভাসমান দোকান ও ফুটপাতের অবৈধ দোকানগুলো পরিবেশ দূষণের পাশাপাশি নগর ব্যবস্থাপনাতেও সমস্যা তৈরি করছে। এ সমস্যা সমাধানে সিটি করপোরেশন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, সারাদেশে প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ পরিকল্পনার অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩ লাখ গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে ৭০ হাজার বৃক্ষরোপণ সম্পন্ন হয়েছে।

তিনি জানান, নগরের পরিবেশ উন্নয়ন, বায়ুদূষণ কমানো এবং সবুজায়ন বাড়াতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সূত্র: এখন টিভি

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page