জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র হালনাগাদের শেষ সুযোগ দিল বিআরটিএ
বিআরটিএ কাগজপত্র নবায়নের সময় বৃদ্ধি
জরিমানা ছাড়া মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা ছাড়াই মূল কর ও ফি জমা দিয়ে সব ধরনের মোটরযানের কাগজপত্র—যেমন ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে।
বিআরটিএ জানিয়েছে, গ্রাহকদের জন্য এটি শেষ সুযোগ। তাই আগামী ২৯ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় সব কাগজপত্র হালনাগাদ করার অনুরোধ জানানো হয়েছে।
মালিকানা পরিবর্তনে কড়াকড়ি
এর আগে মোটরযান বিক্রয়ের পর মালিকানা পরিবর্তন না করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল বিআরটিএ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী কোনো মোটরযান বিক্রয়ের পর মালিকানা পরিবর্তন করা বাধ্যতামূলক।
তবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, ক্রেতারা মালিকানা পরিবর্তন না করেই গাড়ি ব্যবহার করছেন। এতে পুরোনো মালিকরা আইনি ও আর্থিক জটিলতায় পড়ছেন।
বিআরটিএ জানায়, মালিকানা পরিবর্তন না হলে পুরোনো মালিককেই অনেক সময় অগ্রিম আয়কর, প্রযোজ্য ক্ষেত্রে ১৫০ শতাংশ অগ্রিম আয়কর ও পরিবেশ সারচার্জ পরিশোধ করতে হচ্ছে।
একই দিনে মালিকানা পরিবর্তনের সুযোগ
বিআরটিএ জানিয়েছে, বর্তমানে মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করা হয়েছে। অনলাইনে আবেদন করার পর বিক্রেতার উপস্থিতিতে হ্যান্ড-হেল্ড ডিভাইসের মাধ্যমে বায়োমেট্রিক যাচাই করে একই দিনেই মালিকানা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
এ ছাড়া নতুন মালিক ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্যও বায়োমেট্রিক দিতে পারবেন।
ড্রাইভিং লাইসেন্সে পয়েন্ট কর্তন শুরু
সড়ক পরিবহন আইন, ২০১৮ কার্যকর করতে চালকদের ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তনও শুরু করেছে বিআরটিএ।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে ১২টি পয়েন্ট বরাদ্দ থাকে। আইন ভঙ্গ করলে অর্থদণ্ড বা কারাদণ্ডের পাশাপাশি লাইসেন্স থেকে দোষসূচক পয়েন্ট কেটে নেওয়া হচ্ছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
