প্যাডেল রিকশা নিষিদ্ধ ও ব্যাটারিচালিত রিকশার নীতিমালা চেয়ে আইনি নোটিশ

প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫২ অপরাহ্ণ
প্যাডেল রিকশা নিষিদ্ধ ও ব্যাটারিচালিত রিকশার নীতিমালা চেয়ে আইনি নোটিশ

ব্যাটারিচালিত রিকশার নীতিমালা ও প্যাডেল রিকশা নিষিদ্ধের দাবিতে সরকারের কাছে আইনি নোটিশ।

দেশে পায়ে চালিত বা প্যাডেল রিকশা সম্পূর্ণ নিষিদ্ধ, নিরাপদ ব্যাটারিচালিত রিকশার অনুমোদন এবং প্রাইভেট কার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে নোটিশের বিষয়টি জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, দেশের মোট জনসংখ্যার ১ শতাংশেরও কম মানুষ প্রাইভেট কার ব্যবহার করলেও এসব গাড়ি সড়কের বড় অংশ দখল করে রাখে। পাশাপাশি আমদানিনির্ভর জ্বালানি ব্যবহারের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সরকারি ভর্তুকির ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে।

এতে আরও বলা হয়, ব্যক্তিগত গাড়ি থেকে নির্গত কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইডসহ ক্ষতিকর উপাদান বায়ুদূষণ বাড়াচ্ছে, যা জনস্বাস্থ্য ও মানুষের জীবনযাপনের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

প্যাডেল রিকশা বন্ধের দাবি

আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, দেশের বিপুলসংখ্যক মানুষ গণপরিবহন ও রিকশার ওপর নির্ভরশীল। অর্থনৈতিক সংকট ও কর্মসংস্থানের অভাবে অনেক মানুষ বাধ্য হয়ে প্যাডেল রিকশা চালাচ্ছেন।

দাবদাহ, বৃষ্টি ও প্রতিকূল পরিবেশে দীর্ঘ সময় যাত্রী নিয়ে রিকশা চালানোর কারণে শারীরিক নানা সমস্যা তৈরি হচ্ছে বলেও নোটিশে দাবি করা হয়েছে।

আইনজীবী মামুন বলেন, দারিদ্র্যের কারণে এই শ্রমে যুক্ত হওয়া এক ধরনের বাধ্যতামূলক শ্রমের পরিস্থিতি তৈরি করছে। তাই সংবিধানের ৩৪ অনুচ্ছেদের আলোকে প্যাডেল রিকশা বন্ধে উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে।

নিরাপদ ব্যাটারিচালিত রিকশার নীতিমালা চাওয়া

নোটিশে বলা হয়েছে, প্রযুক্তিগত উন্নয়নের অংশ হিসেবে ব্যাটারিচালিত রিকশা স্থানীয় পরিবহনের আধুনিক ও প্রয়োজনীয় মাধ্যম হয়ে উঠেছে।

তাই ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ না করে গতি নিয়ন্ত্রণ, ব্রেকিং সিস্টেম, ব্যাটারির মান, কাঠামোগত নিরাপত্তা ও বৈজ্ঞানিক চার্জিং ব্যবস্থার বিষয়ে স্পষ্ট নীতিমালা তৈরির দাবি জানানো হয়েছে।

এতে বলা হয়, ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ করলে হাজারো শ্রমজীবী মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হবে এবং সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতেও সমস্যা তৈরি হবে।

প্রাইভেট কারে কঠোর নিয়ন্ত্রণের দাবি

জনস্বাস্থ্য, পরিবেশ ও জাতীয় অর্থনীতি রক্ষায় প্রাইভেট কারের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ এবং উচ্চহারে পরিবেশ কর চালুর দাবিও জানানো হয়েছে।

এ ছাড়া বেকারত্ব কমাতে রাইড শেয়ারিং, রেন্ট-এ-কার ও মিটারভিত্তিক গাড়ি সেবাকে উৎসাহিত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

নোটিশে আগামী ১০ দিনের মধ্যে প্যাডেল রিকশা বন্ধ, নিরাপদ ব্যাটারিচালিত রিকশার নীতিমালা প্রণয়ন এবং প্রাইভেট কার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page